মহানায়িকার বাড়ি স্মৃতি সংগ্রহশালা করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন
সুচিত্রা সেন

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা প্রয়াত সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা ও চলচ্চিত্রবিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সুধীজনেরা। গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদ। আরও বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ মো. কামরুজ্জামান, মো. নূরুন্নবী, পাবনার অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. হাবিবুল্লাহ, বাংলা বিভাগের প্রধান মো. আব্দুল আলীম ও পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মেহের সুলতানাসহ স্থানীয় সুধীজনেরা। প্রধান অতিথির বক্তব্যে মনজিল মোরসেদ বলেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি রক্ষার মাধ্যমে আমাদের একটি ইতিহাস রক্ষা হয়েছে। এখন এটিকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।’
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের এই বাড়িতে সুচিত্রা সেন তাঁর শৈশব-কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালে তিনি বিয়ের পর কলকাতায় চলে যান। ’৮৭ সালে জামায়াত নিয়ন্ত্রিত ইমাম গাযযালী ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান বাড়িটি ইজারা নেয়। ২০০৯ থেকে পাবনাবাসী বাড়িটি দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় আদালতের এক রায়ে বাড়িটি দখলমুক্ত হয়। গত ১৬ মে ইমাম গাযযালী ট্রাস্ট কর্তৃপক্ষ বাড়িটি ছেড়ে দিলে জেলা প্রশাসন দায়িত্বভার বুঝে নেয়।