চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, নগরের জলাবদ্ধতা নিরসনে কোথায় খাল খনন করতে হবে, কত টাকা খরচ করতে হবে, তার সব কিছুই নগর মহাপরিকল্পনায় ছিল। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি বলে আজকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ‘চট্টগ্রাম মহানগরীর মাস্টারপ্ল্যান রিভিউ’ শীর্ষক মতবিনিময় সভায় আবদুচ ছালাম এসব কথা বলেন। সিডিএর সম্মেলনকক্ষে চট্টগ্রাম নগরের পূর্ব বাকলিয়া ও এনায়েত বাজার ওয়ার্ড কমিটির সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মহাপরিকল্পনা তৈরি নিয়ে নগরের ৪১টি ওয়ার্ড থেকে কমিটি গঠন করে পরিকল্পনা প্রস্তাবের আহ্বান জানায় সিডিএ। এ অনুযায়ী নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ড তাদের কমিটি গঠন করে জমা দিয়েছে।
সিডিএর নগর পরিকল্পনাবিদ আবু ইছা আনসারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন পূর্ব বাকলিয়ার ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভীন, সিডিএর বোর্ড সদস্য ও কাউন্সিলর গিয়াস উদ্দিন ও হাসান মুরাদ, বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী, জসীম উদ্দিন, সিডিএর সচিব তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন চৌধুরী। এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর মহাপরিকল্পনা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে সিডিএ।
মতবিনিময় সভায় সিডিএর চেয়ারম্যান বলেন, ১৯৯৫ সালে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। কাজ শুরু হয়েছিল ১৯৯৭ সালে। তিনি বলেন, ‘আগের পরিকল্পনায় ত্রুটি ছিল, কিন্তু শতভাগ ত্রুটি তো ছিল না। মহাপরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ দলিল। কারা এই পরিকল্পনা করবে, কারা বাস্তবায়ন করবে তা সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়। এখন কেউ যদি মহাপরিকল্পনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তা হলে কীভাবে হবে?’
মতবিনিময় সভায় ওয়ার্ড কাউন্সিলররা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা নিরসনে সিডিএকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।