মহাপরিকল্পনার অধিকাংশই বাস্তবায়িত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পয়লা ফাল্গুন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তবে শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠাকালীন ৩০ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল। মেয়াদ শেষ হলেও এর অধিকাংশই বাস্তবায়িত হয়নি।
ছয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে ১৯৮৫ থেকে ২০১৫ সালের মধ্যে এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল। মহাপরিকল্পনায় বলা হয়েছে, ২০১৫ সালের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ে ছয়টি স্কুল ও দুটি ইনস্টিটিউটের অধীনে ৩৭টি পাঠ্য বিষয় খোলা হবে। বিশ্ববিদ্যালয়ে ২৬টি বিভাগের শিক্ষা-কার্যক্রম চালু রয়েছে। তবে গণমাধ্যম, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ফার্মেসি, ডেমোগ্রাফি, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, ব্যবস্থাপনাসহ ১১টি ডিসিপ্লিন এখনো খোলা হয়নি। এ ছাড়াও ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ নামে একটি ইনস্টিটিউট থাকার কথা থাকলেও তা হয়নি।
২০১৫ সাল শেষে এই বিশ্ববিদ্যালয়ে ১০ হাজারের মধ্যে ৭ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা মহাপরিকল্পনায় ছিল। কিন্তু বর্তমানে ২ হাজার ৯৭ জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। শিক্ষক-কর্মকর্তাদের জন্য চারতলার চার ফ্ল্যাটবিশিষ্ট ছয়টি, পাঁচতলার ১০ ফ্ল্যাট বিশিষ্টসহ মোট ২২টি ভবন নির্মাণের কথা ছিল। বর্তমানে শিক্ষক-কর্মকর্তাদের জন্য একটি ডরমিটরি ও তিনটি চারতলা ভবন রয়েছে। সিনেট হল নির্মাণের কথা এতে উল্লেখ থাকলেও তা হয়নি।
কর্মচারীদের জন্য ১৮টি পাঁচতলা ভবন নির্মাণের কথা মহাপরিকল্পনায় ছিল। বর্তমানে তাঁদের জন্য আছে আট ফ্ল্যাটবিশিষ্ট মাত্র একটি চারতলা ভবন।
মহাপরিকল্পনায় স্টেডিয়াম, স্পোর্টস কমপ্লেক্স, পার্ক ও বিপণিকেন্দ্র নির্মাণের কথা থাকলেও তা স্বপ্নই রয়ে গেছে।
ক্যাম্পাসে শিশুদের জন্য দুটি পার্ক নির্মাণের বিষয়টি থাকলেও তা করা হয়নি। উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, একটি মহাপরিকল্পনার আওতায় এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এগিয়ে চলেছে। সরকারি পর্যায়ের সহযোগিতায় সম্পূর্ণভাবে প্রত্যাশা পূরণ হয়েছে, এটি বলা যাবে না। তবে সামগ্রিকভাবে বলতে গেলে, কর্মপরিকল্পনার বাস্তবায়ন অনেকটাই এগিয়েছে।