নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার দেশের যে ৫৩টি নদী খননের মহাপরিকল্পনা নিয়েছে তার মধ্যে ময়মনসিংহের ব্রহ্মপুত্রও রয়েছে। দ্রুতই ওই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী ময়মনসিংহের অর্থনৈতিক উন্নয়নে আরও কিছু আশ্বাস দিয়েছেন।
ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে গতকাল রোববার ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘নতুন অর্থনৈতিক ভাবনা ও ব্রহ্মপূত্র নদ খনন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভার সভাপতি ময়মনসিংহ চেম্বারের সভাপতি মো. ইকরামুল হক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিআই) পরিচালক আমিনুল হক, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ বক্তারা ময়মনসিংহের উন্নয়নের জন্য নৌমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি উত্থাপন করেন। উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে ময়মনসিংহে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন ও খনন করে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এসব দাবির পরিপ্রেক্ষিতে শাজাহান খান বলেন, ৫৩টি নদী খননের পরিকল্পনার মধ্যে ময়মনসিংহের ব্রহ্মপুত্রও রয়েছে।