চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএর সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প
মহাপরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না!
নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নেওয়া সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পে ওয়াসার হালনাগাদ ড্রেনেজ মহাপরিকল্পনা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, মহাপরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে সম্পূর্ণ মুক্তি মিলবে না।
জলাবদ্ধতা নিরসনে ওয়াসার হালনাগাদ ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী, ২৪টি জোয়ার প্রতিরোধক ফটক (টাইডাল রেগুলেটর) নির্মাণের কথা বলা হয়, কিন্তু সিডিএর দুটি প্রকল্পে ১৭টি জোয়ার প্রতিরোধক ফটক নির্মাণ করা হবে।
মহাপরিকল্পনা অনুযায়ী, রাস্তার পাশে ৫০০ কিলোমিটার নালা নিয়মিত পরিষ্কার, ১০০ কিলোমিটার নতুন নালা নির্মাণ, ৩৯ কিলোমিটার কাঁচা নালাকে পাকা নালায় রূপান্তর এবং জনবহুল ও পাহাড়ি এলাকায় ড্রেন ও খালের ওপর ১০ হাজার বর্গমিটার স্ল্যাব নির্মাণ করতে হবে। কিন্তু সিডিএ ৩০২ কিলোমিটার নালা পরিষ্কারের পাশাপাশি নতুন নালা নির্মাণ করবে ১০ কিলোমিটার। রাস্তার পাশে থাকা নালা সম্প্রসারণ করবে সাড়ে ১৫ কিলোমিটার। স্ল্যাব নির্মাণের বিষয়টি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি। এ ছাড়া ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ শেখ মুজিব রোডের বক্স কালভার্ট পরিষ্কারের বিষয়টি মহাপরিকল্পনায় থাকলেও সিডিএর প্রকল্পে নেই।
মহাপরিকল্পনার সুপারিশ অনুযায়ী ২১টি সরু সেতু চওড়া করে পুনর্নির্মাণ করার কথা। এর পরিবর্তে সিডিএ ৪৮টি সেতু ও ৬টি কালভার্ট নির্মাণ করবে। এ ছাড়া মহাপরিকল্পনায় বিভিন্ন খালে নয়টি সিল্ট ট্র্যাপের (বালুর ফাঁদ) পুনর্নির্মাণ এবং ১৩টি নতুন করে নির্মাণের সুপারিশ করা হয়। প্রতিটির আকার নির্ধারণ করা দেওয়া হয় ২ হাজার ৬৫০ বর্গমিটার। কিন্তু সিডিএ আকার ছোট করে ৪২টি সিল্ট ট্র্যাপ নির্মাণ করবে, যেগুলোর আয়তন ১ হাজার ৮০ বর্গমিটার।
এ ছাড়া নগরের ৫৭টি খাল থেকে ১৪ লাখ ঘনমিটার বর্জ্য ও মাটি অপসারণ এবং সব কটি খাল খননের সুপারিশ ছিল। ৫৭টি খালের জায়গায় ৩৬টি খাল থেকে সাড়ে ৯ লাখ ঘনমিটার কাদা ও মাটি অপসারণ করবে সিডিএ। মহাপরিকল্পনায় খালের পাড়ে ৮৬ কিলোমিটার প্রতিরোধ দেয়ালের প্রস্তাব দিলেও সিডিএ নির্মাণ করবে ১৭৬ কিলোমিটার।
জলাবদ্ধতা নিরসনে পূর্ণাঙ্গ সুফল পেতে হলে মহাপরিকল্পনার সুপারিশগুলো অবশ্যই বাস্তবায়ন করা উচিত বলে মন্তব্য করেছেন ওয়াসার মহাপরিকল্পনা প্রণয়নের সঙ্গে যুক্ত প্রকৌশলী হুমায়ূন কবির। খাল খনন ও জোয়ার প্রতিরোধক ফটকের নির্মাণকাজ একসঙ্গে বাস্তবায়ন করা না হলে নদীর জোয়ারের পানিতে নগর প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক এই প্রধান প্রকৌশলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিডিএ মহাপরিকল্পনার অনেক কিছু বাদ দিয়েছে আবার অনেক কিছু অতিরিক্ত যুক্ত করেছে। কিন্তু আমরা ধরে নেব, প্রকল্প বাস্তবায়নের সময় তারা (সিডিএ) মহাপরিকল্পনার সুপারিশগুলোই প্রয়োগ করবে।’
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, সিডিএ এবং চট্টগ্রাম ওয়াসার প্রকৌশল বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে ১২ ও ১৪ আগস্ট দুটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির পর্যবেক্ষণে সিডিএর প্রকল্প ওয়াসার মহাপরিকল্পনা সঠিকভাবে অনুসরণ না করার বিষয়টি উল্লেখ করা হয়। কমিটির পর্যবেক্ষণ স্থানীয় সরকারমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৯ আগস্টের সভায় সিডিএর ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। এর বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালের জুন পর্যন্ত। প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্বে থাকবে স্থানীয় সরকারমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটি।
এদিকে তিনটি সংস্থার সমন্বয়ে গঠিত কমিটি প্রকল্প বাস্তবায়নে সাতটি সুপারিশ দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিন অর্থবছরে খালগুলোর রক্ষণাবেক্ষণে ৪০ কোটি টাকা বরাদ্দ রাখা অপ্রতুল। এ ক্ষেত্রে প্রতিবছরই ৫০ কোটি টাকা প্রয়োজন। নিয়মিত খাল খননে চারটি লং বুম (এক্সকাভেটর-খননযন্ত্র), চারটি শর্ট বুম ও চারটি উভচর খননযন্ত্র প্রয়োজন রয়েছে। সিডিএর প্রকল্পটি মূলত ৩৬টি প্রধান খালকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু শাখা (সেকেন্ডারি) ও প্রশাখা (টারশিয়ারি) ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য বিস্তারিত জায়গা ম্যাপের মাধ্যমে চিহ্নিত করা হয়নি। আর মহাপরিকল্পনায় থাকা রেগুলেটরগুলো মেগা প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় এই প্রকল্পের সুফল থেকে চট্টগ্রামবাসী বঞ্চিত হবে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী যে লক্ষ্যে প্রকল্পগুলো অনুমোদন দিয়েছেন, তার সুফল যাতে নগরবাসী পান, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থার। তাই বিশেষজ্ঞদের পরামর্শ বা মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা উচিত। না হলে এসব প্রকল্পের সুফল পাওয়া নিয়ে সন্দেহ থেকে যাবে। এখন সিডিএর প্রকল্পে যদি সীমাবদ্ধতা থাকে, তা বিবেচনায় নিয়ে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নগরবাসী যাতে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পায়, তা নিশ্চিত করতে হবে।
ওয়াসার মহাপরিকল্পনা থেকে কিছুটা সরে আসার বিষয়ে সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, মহাপরিকল্পনায় ৫৭টি খালের সংস্কার ও উন্নয়নের কথা বলা হলেও অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় ৩৬টি খালকে কেন্দ্র করে প্রকল্প তৈরি করা হয়েছে। মূলত এসব খালকে কেন্দ্র করে জলাবদ্ধতা হয়। ২৪টি জোয়ার প্রতিরোধকের মধ্যে ১৭টি সিডিএ করবে এবং সাতটি পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে রয়েছে। জায়গার অভাবে সিল্ট ট্র্যাপের আকার ছোট করা হয়েছে।
আহমদ মঈনুদ্দিন বলেন, নগরের ৩৬টি খালে ৪৮টি ব্রিজ ও ৬টি কালভার্ট অপ্রশস্ত হওয়ায় তা নতুন করে নির্মাণ করা হবে। বিভিন্ন খালের পাড়ে ৯৭ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এই সড়ক টিকিয়ে রাখতে ১৭৬ কিলোমিটার প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হবে।
এদিকে সিডিএর প্রকল্পের বিষয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। তাই অপ্রয়োজনীয় কোনো কিছু করে যেন সেই সদিচ্ছার অপচয় করা না হয়। আবার প্রয়োজনীয় জিনিস বাদ দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রতিফলন দৃশ্যমান করা যাবে না। এখন যেহেতু প্রকল্প পাস হয়েছে, তাই গুরুত্বপূর্ণ কোনো কিছু বাদ পড়ে গেলে তা নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর প্রকল্পে যেসব বাড়তি জিনিস রাখা হয়েছে, তার যৌক্তিকতা নির্ধারণ করতে হবে।