মহাপরিকল্পনার বাস্তবায়ন না হলে জলাবদ্ধতা স্থায়ী রূপ নেবে
চট্টগ্রাম উন্নয়ন মহাপরিকল্পনা অনুযায়ী কয়েকটি পুরোনো খাল খনন না করা এবং বহদ্দারহাট এলাকায় আরেকটি নতুন খাল খনন না করাই নগরের জলাবদ্ধতার অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মহাপরিকল্পনা অনুযায়ী পানিনিষ্কাশনব্যবস্থার সুরাহা না হওয়া পর্যন্ত বৃষ্টির সময় তলিয়ে থাকছে নগর। তাই খালগুলো খননের ওপর জোর দেন বিশেষজ্ঞরা।গত বুধবার রাতে ও বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি বর্ষণে নগরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। বৃষ্টিতে হাঁটু থেকে কোমরসমান পানি উঠেছে বিভিন্ন এলাকায়। ফলে দুর্ভোগে পড়ে নগরবাসী।নগর বিশেষজ্ঞরা জানান, ১৯৯৯ সালে গৃহীত মহাপরিকল্পনা অনুযায়ী খালগুলো খনন না করার কারণে নগরে পানিনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে। অথচ নগরের ঘনবসতি এলাকা দিয়ে বয়ে যাওয়া হিজড়া খাল, নাছির খাল ও মির্জাখালের মাটি সরিয়ে গভীরতা আরও বাড়ানোর কথা ছিল। পাশাপাশি বহদ্দারহাট থেকে খাজা সড়ক হয়ে কর্ণফুলী পর্যন্ত আরেকটি নতুন খাল খননের কথা ছিল। এসবের কিছুই হয়নি।বিশেষজ্ঞরা আরও বলেন, চাক্তাই খাল ও মহেষ খালও অনেক দিন ধরে খনন করা হয়নি। এই দুটি খালের মুখে স্লুইসগেট বসানোর পরিকল্পনা ছিল, যাতে জনবসতি এলাকায় জোয়ারের পানি ঠেকানো যায়। কিন্তু এই পরিকল্পনার বাস্তবায়নের উদ্যোগ নেই। এ কারণে বৃষ্টির মৌসুমে পাহাড়ি ঢলের পানিতে সমতল এলাকা তলিয়ে যাচ্ছে। একই সময় জোয়ারের পানির কারণে সমতলে পানির উচ্চতা আরও বাড়াছে। এতে নগরে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।সিডিএর সাবেক চেয়ারম্যান ও প্রকৌশলী শাহ মুহাম্মদ আখতারউদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ইউএনডিপির সহায়তায় অনেক টাকা খরচ করে একটি নগর উন্নয়ন মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) তৈরি করেছে সরকার। অথচ এটি বাস্তবায়নের ওপর কেউ গুরুত্ব দিচ্ছে না, যে কারণে চট্টগ্রাম নগরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়।প্রকৌশলী আখতার আরও বলেন, নগরের পুরোনো খালগুলো খনন এবং বহদ্দারহাটে আরেকটি নতুন খাল খনন করতে হবে। আর খালের মুখে স্লুইসগেট বানাতে হবে, যাতে জোয়ার ও বৃষ্টির সময় পানি সরানোর যন্ত্র (পাম্পিং) ব্যবহার করা যায়। নইলে ভবিষ্যতে এমন সময় আসছে, কেউ লাশ নিয়ে ঘর থেকে বের হতে পারবে না।নগরের হালিশহরের বাসিন্দা আকবর হোসেন বলেন, ‘জোয়ারের পানিতে বছরের কয়েক মাস আগ্রাবাদ ডুবে থাকে। বৃষ্টি হলে তো দুর্ভোগের শেষ নেই। এই অবস্থার কোনো পরিবর্তন হবে কি না জানি না।’ কাপাসগোলার বাসিন্দা আরেফিন হাসান প্রথম আলোকে বলেন, ‘সামান্য বৃষ্টিতে আমাদের এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে যায়। অথচ জলাবদ্ধতা নিয়ে অনেক রাজনীতি হচ্ছে। রাজনীতিবিদেরা আমাদের নিয়ে ভাবছেন কি না সন্দেহ।’