মহাপরিচালক অব্যাহতি পেলেন, পেতে যাচ্ছেন এক পরিচালকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সনদের যথার্থতা নিয়ে ওঠা অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন বিভাগের মহাপরিচালক কামরুল হোসেন মোল্লা। সংস্থার এক পরিচালক আবদুল আজিজ ভূঁইয়াও এ অভিযোগ থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন। দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অব্যাহতির বিষয়টি জানিয়ে কামরুল হোসেন মোল্লাকে চিঠিও দেওয়া হয়েছে। অথচ দুদকের নিজস্ব অনুসন্ধান দলের প্রতিবেদনেই বলা হয়েছে, এ দুজনের মুক্তিযোদ্ধা দাবি সঠিক নয়।
দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মুক্তিযোদ্ধা সনদের যথার্থতা নিয়ে অভিযোগ ওঠায় গত বছরের ২১ অক্টোবর ওই দুজনসহ সংস্থার নয়জন কর্মকর্তা-কর্মচারীর সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নেয় দুদক। ২২ অক্টোবর দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বে দুই সদস্যের অনুসন্ধান দল এই অনুসন্ধান শুরু করে। দলের অপর সদস্য সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়ার দিনই দুদকের এক পরিচালক গোলাম ইয়াহিয়া অবসরোত্তর ছুটিতে যাওয়ার আবেদন করেন। আবেদনে তিনি ওই বছরের ১ জুলাই থেকে এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়ার অনুরোধ জানান। মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর চাকরির মেয়াদ এক বছর বেড়েছিল। প্রকৃত চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তিনি অতিরিক্ত যে বেতন-ভাতা নিয়েছেন, তা-ও ফেরত দেবেন বলে আবেদনে উল্লেখ করেন। তাঁর বিষয়টি অনুসন্ধান করে ১৬ নভেম্বর প্রতিবেদন জমা দেয় অনুসন্ধান দল। সেখানে তাঁর সনদ ও গেজেট বাতিলের সুপারিশ করা হয়।
সূত্র আরও জানায়, অন্য আট কর্মকর্তার বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হয় চলতি বছরের ২৭ জানুয়ারি। এতে বলা হয়, মহাপরিচালক, পরিচালক এবং উপপরিচালকের মুক্তিযোদ্ধা দাবি সঠিক নয়। কাগজপত্র ও সনদ যাচাই করে তথ্য অনুযায়ী তাঁরা মুক্তিযোদ্ধা গণকর্মচারী হিসেবে বিবেচিত হতে পারেন না। তবে পরিচালক রঞ্জন কুমার মজুমদার, উপপরিচালক এস এম গোলাম মাওলা সিদ্দিকী, সহকারী পরিদর্শক আবদুস সোবহান, কোর্ট সহকারী নুরুল ইসলাম ও ইসহাক ফকিরের সনদ সঠিক।
সূত্র জানায়, কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার পর ঢালী আবদুস সামাদ অবসরে যান। তবে কামরুল হোসেন মোল্লার বিষয়টি নথিভুক্তির মাধ্যমে তাঁকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, এসএসসিসহ বিভিন্ন সনদ অনুসারে ১৯৭১ সালের ২৬ মার্চ কামরুল হোসেন মোল্লার বয়স ছিল ১১ বছর ২ মাস ২৫ দিন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ২০১০ সালের ২০ এপ্রিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী একাত্তরে এই বয়সের কারণে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতে পারেন না। ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তায় তাঁর নাম নেই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদও নেই। মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর পরিপত্র জারির পর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তাঁর নাম প্রকাশ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যে প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাঁর নামে গেজেট হয় এর ভিত্তি ছিল জেনারেল ওসমানী স্বাক্ষরিত সনদ ও মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী ইউনিটের প্রত্যয়নপত্র। তবে ওসমানীর স্বাক্ষরিত সনদে আঞ্চলিক অধিনায়কের স্বাক্ষর নেই। নরসিংদী ইউনিটের প্রত্যয়নপত্রে ‘তিনি একজন সহকারী মুক্তিযোদ্ধা’ বাক্যটি থেকে ‘সহকারী’ শব্দটি পরে কাটা হয়েছে।
আজিজ ভূঁইয়ার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এসএসসিসহ বিভিন্ন সনদ অনুযায়ী ১৯৭১ সালের ২৬ মার্চ তাঁর বয়স ছিল ১২ বছর ৬ মাস ২৬ দিন। জামুকার সিদ্ধান্ত অনুযায়ী তিনিও মুক্তিযোদ্ধা বিবেচিত হতে পারেন না। এ ছাড়া ২০১০ সালের ২৪ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, ‘মুক্তিযুদ্ধকালে তাঁর বয়স প্রত্যাশিত পর্যায়ে না পাওয়ায় তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন করা যায়নি।’ তবে ২০১১ সালের ২৯ মার্চ এই মন্ত্রণালয়ের আরেক চিঠিতে বলা হয়, ‘বয়স প্রত্যাশিত পর্যায়ে পাওয়ায় তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন করা হয়েছে।’ গত ডিসেম্বরে মন্ত্রণালয় দুদককে জানায়, তাঁর নাম লাল মুক্তিবার্তায় রয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যানের স্বাক্ষর করা এবং শেখ হাসিনার প্রতিস্বাক্ষরিত প্রতিটি সনদে তারিখ থাকলেও আজিজ ভূঁইয়ার জমা দেওয়া সনদে কোনো তারিখ নেই।
জানতে চাইলে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, এনএসআইয়ের প্রতিবেদন ও মুক্তিযোদ্ধা সংসদের সনদ বিবেচনায় কামরুল হোসেন মোল্লাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজিজ ভূঁইয়ার কাছেও পর্যাপ্ত কাগজপত্র রয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য পরিচালক নুর আহাম্মদকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগির তাঁর বিষয়টি নথিভুক্ত হবে।