মহাপরিচালককে বদলির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালককে (ডিজি) অন্যত্র বদলি করার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিনার বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভ সমাবেশ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিনার বর্তমান মহাপরিচালক এ এইচ এম রাজ্জাককে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। গত রোববার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা আইরিছ স্বাক্ষরিত এক আদেশে মহাপরিচালককে বিএআরসিতে বদলি করা হয়।
এদিকে একই আদেশে আ শ ম আরনায়ারুল হক নামে বিএআরসির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের এক সদস্য পরিচালককে বিনার নতুন ডিজি হিসেবে নিয়োগ দেয় মন্ত্রণালয়। এতে তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন।
গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিনার চারটি সংগঠন। সম্মেলনে বিজ্ঞানী সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী সমিতি ও শ্রমিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, মহাপরিচালক রাজ্জাককে হঠাৎ বিএআরসিতে বদলি করায় আমরা মর্মাহত। তিনি দায়িত্ব পালনকালে বিনা জাতিসংঘসহ দেশে চারটি স্বর্ণপদক ও কৃষি পুরস্কার লাভ করে। এমন একজন দক্ষ প্রশাসককে সরালে বিনার গবেষণায় স্থবিরতা নেমে আসবে।
সম্মেলনে বক্তারা বলেন, এর আগে কখনো বিনার অভ্যন্তরীণ বিজ্ঞানী ছাড়া মহাপরিচালক নিয়োগ করা হয়নি। বাইরে থেকে নতুন মহাপরিচালক এসে বিনার পরিবেশ বুঝতে অনেক সময় লাগবে। পরে বেলা ১১টার দিকে বিনার প্রশাসন ভবনের সামনে তাঁরা বিক্ষোভ করেন। সেই সঙ্গে মহাপরিচালককে চাকরির বয়স শেষ না হওয়া পর্যন্ত স্বপদে বহাল রাখতে তাঁরা সরকারের কাছে দাবি জানান।