মহাপরিচালকসহ র‌্যাবের ১২টি পদ উন্নীত করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের মহাপরিচালকের পদ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সমমান করাসহ র‌্যাব সদর দপ্তরের ১২টি পদ উন্নীত করার প্রস্তাব দিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের সঙ্গে র‌্যাব কর্মকর্তাদের বৈঠকের সময় এই প্রস্তাব করা হয়। র‌্যাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। র‌্যাব সদর দপ্তরে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ওই সভায় স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক আহমেদ, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, দুই অতিরিক্ত মহাপরিচালকসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, সভায় র‌্যাবের কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, বর্তমানে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পদ উন্নীত করা হয়েছে। পুলিশে আরও পাঁচটি গ্রেড-১ পদ সৃষ্টি করা হচ্ছে। সেই অনুসারে তাঁরা র‌্যাবের মহাপরিচালকের পদ গ্রেড-১ ভুক্ত করার প্রস্তাব করেন। তাঁরা বলেন, বর্তমানে র‌্যাবের দুই অতিরিক্ত মহাপরিচালকের পদ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বা সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার। এই পদ দুটিকে উন্নীত করে অতিরিক্ত আইজিপি বা ব্রিগেডিয়ার জেনারেল করা হোক। র‌্যাব সদর দপ্তরের নয়টি পরিচালক পদে বর্তমানে অতিরিক্ত ডিআইজি বা লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারা আছেন। এ পদগুলোকে ডিআইজি বা কর্নেল পদে উন্নীত করা হোক।র‌্যাব সূত্র জানায়, মতবিনিময় সভার শুরুতেই গত তিন বছরে র‌্যাবের সফল অভিযানগুলোর চিত্র তুলে ধরা হয়। দেখানো হয়, অন্য যেকোনো সময়ের চেয়ে গত তিন বছরে র‌্যাব অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, জঙ্গি গ্রেপ্তারসহ সব ক্ষেত্রে বেশি সফল হয়েছে। এরপর শুরু হয় মুক্ত আলোচনা। এ পর্বে র‌্যাবের কর্মকর্তারা পদের উন্নয়নসহ তাঁদের অন্যান্য চাহিদা ও সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রীকে জানান, গত আট বছরে র‌্যাবের স্থায়ী সদর দপ্তরের জন্য কোনো জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। বর্তমান সদর দপ্তর ভবন এই বাহিনীর জন্য যথেষ্ট নয়। র‌্যাবের নতুন ফরেনসিক গবেষণাগারের জন্য অনেক জায়গা প্রয়োজন, অতি গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের জন্য প্রয়োজন বিশেষ ব্যবস্থার। এগুলোর কোনোটাই বর্তমান সদর দপ্তর ভবনে সম্ভব নয়। র‌্যাবের কর্মকর্তারা ঢাকার ভেতরেই একটি সরকারি সংস্থার পড়ে থাকা জমিতে র‌্যাব সদর দপ্তর স্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন।মানবাধিকারের ওপর আরও প্রশিক্ষণ নিতে হবে: র‌্যাবের সদর দপ্তরে মধ্যাহ্নভোজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাহারা খাতুন বলেন, র‌্যাবের অনেক সফলতা রয়েছে। সেই সফলতা যেন কারও কোনো কাজে ম্লান না হয়, সে বিষয়ে সচেতন থেকে কাজ করতে হবে। এই বাহিনীকে মানবাধিকারের ওপরও আরও প্রশিক্ষণ নিতে হবে।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে দরবারের দুই কোটি টাকা লুটের ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে র‌্যাবের মহাপরিচালককে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, র‌্যাবকে মানবাধিকারের ওপর দীক্ষা নিতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলের হরতাল প্রত্যাহার করায় তাদের ধন্যবাদ দিতে হবে। আসলে দেশে হরতাল করার মতো কোনো পরিস্থিতি নেই।