প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকনেতারা। গতকাল মঙ্গলবার মহাপরিচালকের কার্যালয়ে তাঁর সঙ্গে কয়েকটি শিক্ষক সংগঠনের কয়েকজন নেতা বৈঠক করেন। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে অংশ নেওয়া একজন শিক্ষকনেতা প্রথম আলোকে বলেন, মূলত মহাপরিচালকের কাছে তাঁরা নিজেদের দাবিগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছেন। মহাপরিচালক বলেছেন, দাবিগুলো তিনি আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষাসচিব মেসবাহ উল আলমের কাছে তুলে ধরবেন এবং এ নিয়ে করণীয় বিষয়ে আলোচনা করবেন। পরে এ বিষয়ে তাঁদের জানানো হবে।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাসার প্রথম আলোকে বলেন, তাঁরা আন্দোলনের পাশাপাশি দাবি পূরণে আলোচনা চালিয়ে যাবেন। প্রধান শিক্ষকদের বেতন-সংক্রান্ত জটিলতা নিরসনসহ কয়েকটি দাবিতে তাঁরা আন্দোলন করছেন।
প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা ও জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। এই সংগঠনের নেতারাও গতকাল মহাপরিচালকের কাছে নিজেদের দাবি তুলে ধরেন।
এ ছাড়া চারটি শিক্ষক সংগঠনের জোট প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের কয়েকজন নেতাও পৃথকভাবে দাবি জানিয়েছেন। অষ্টম বেতন স্কেলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে অন্তর্ভুক্ত করা এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবিতে আন্দোলন করছেন তাঁরা।