যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়।কমিটির আহ্বায়ক শফিকুল আজম খান। পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে আছেন মাহাবুব আরা বেগম, মো. কবিরুল হক, তালুকদার তৌহিদ জং মুরাদ ও গোলাম ফারুক খন্দকার। এক মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সভাপতি জাহিদ আহসান সভায় সভাপতিত্ব করেন।জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় দেশের সব উপজেলার দুটি করে ক্লাবে কম্পিউটার নেটওয়ার্কিং প্রকল্প নেওয়া হয়েছিল। এ প্রকল্পের মেয়াদ ছিল চার বছর। মেয়াদ শেষ হয়ে গেলেও এ প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি।জানা গেছে, কমিটির কাছে অভিযোগ রয়েছে যে এ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সব উপজেলায় দুটি করে ক্লাবে নেটওয়ার্কিং করার কথা থাকলেও তা হয়নি। এ ছাড়া প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়নি সিকি ভাগও। নেটওয়ার্কিং প্রকল্পসহ অধিদপ্তরের দুটি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। প্রকল্পের পরিচালক হিসেবে একজন উপসচিবকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও আজিজুর রহমান নিজেই ওই প্রকল্পগুলোর পরিচালক হয়ে কাজ শুরু করেন।বৈঠকের পর কমিটির সভাপতি জাহিদ আহসান সাংবাদিকদের বলেন, কমিটির কাছে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের ২০টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের জন্য ১০৪ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।সভায় সাউথ এশিয়ান গেমসসহ সাতটি আন্তর্জাতিক গেমসে অংশ নিতে ৫৮ কোটি টাকা বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।