বিডিআরে বিদ্রোহের ঘটনায় যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি গুলি লেগেছিল বিডিআরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রী নাজনীন শাকিলের। তাঁর শরীরে ১৪টি গুলি লেগেছিল।পিলখানা হত্যা মামলায় জবানবন্দিতে গতকাল সোমবার এ তথ্য দেন নাজনীন শাকিলসহ ২৫ জনের মৃতদেহের ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক মো. জুবাইদুর রহমান। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। দীর্ঘদিন ছুটি কাটিয়ে গতকাল আদালতে আসেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক।সকাল নয়টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হলে সাক্ষ্য দেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তৎকালীন চিকিৎসক জুবাইদুর রহমান। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে কর্মরত। জবানবন্দিতে তিনি বলেন, ২০০৯ সালের ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি—এই তিন দিনে তিনি ২৫ জনের লাশের ময়নাতদন্ত করেন। তাঁরা সবাই বিডিআরে বিদ্রোহের ঘটনায় নিহত হয়েছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে মাত্র একজনের শরীরে বেয়নেটের আঘাত ছিল। বাকি সবাই মারা যান গুলিতে। তাঁদের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। তিনি বলেন, নাজনীন শাকিলের শরীরে ১৪টি গুলি লাগে। বেশির ভাগ লেগেছিল বুকে। এ ছাড়া তাঁর ওপর অন্য কোনো নির্যাতনের আলামত মেলেনি।চিকিৎসক জুবাইদুর জবানবন্দিতে একে একে ওই ২৫ জনের মৃত্যুর কারণ তুলে ধরেন। বেলা একটা পর্যন্ত তিনি জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম, শফিকুর রহমান, ফারুক আহমদ ও শামীম সরদার তাঁকে জেরা করেন। ময়নাতদন্তের কতক্ষণ আগে তাঁদের মৃত্যু হয়েছিল—আইনজীবীদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা সম্ভব নয়। সবার মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দুজনের ডিএনএ পরীক্ষার পর শনাক্ত হয়।নাজনীন শাকিলের মৃতদেহ কে শনাক্ত করেন—এ প্রশ্নের জবাবে জুবাইদুর বলেন, তাঁর ভাগনি ইয়াসমিন আক্তার। যাঁদের ময়নাতদন্ত হয়েছিল তাঁদের সবাই কি সামরিক বাহিনীর লোক—জবাবে তিনি বলেন, না, তিনজন বেসামরিক লোক ছিলেন।বেলা তিনটায় আদালতের কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।গত বছরের ৫ জানুয়ারি পিলখানা হত্যা মামলার বিচার শুরু হয়। বর্তমানে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।২০১০ সালের ১৩ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ পৃথক ২৪টি ধারায় ডিএডি তৌহিদ, ডিএডি হাবিব, ডিএডি লতিফ, ডিএডি জলিল, বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ ৮৪৭ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেয়। একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে ৮০১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি।