বান্দরবানে ‘যুক্তির আলোয় মুক্ত করি সকল রুদ্ধদ্বার’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার থেকে বিতর্ক উৎসব শুরু হয়েছে। জেলা সামাজিক (কমিউনিটি) পুলিশের উদ্যোগে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় ১৪টি দল অংশগ্রহণ করছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে জেলার বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। সভাপতিত্ব করেন বান্দরবান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু তাহের মিয়া। পুলিশ সুপার কামরুল আহসানও উপস্থিত ছিলেন। প্রথম দফায় প্রতিযোগিতা হয় সুয়ালক উচ্চবিদ্যালয় ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে। প্রথম প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয় সুয়ালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর দৃষ্টিপ্রতিবন্ধী জাহিদ হোসেন। জাহিদ জানায়, সে ব্রেইল পদ্ধতিতে ও রেকর্ডিংয়ের মাধ্যমে পড়াশোনা করে। তাদের বিতর্কের বিষয় ছিল ‘দারিদ্র্য বিমোচন নয়,তথ্যপ্রযুক্তির উত্তরণই বর্তমান শতকের প্রধান চ্যালেঞ্জ’। দ্বিতীয় দফায় বিতর্কে রেইছা উচ্চবিদ্যালয়ের সঙ্গে বান্দরবান সিনিয়র মাদ্রাসার প্রতিযোগিতা হয়। এতে রেইছা উচ্চবিদ্যালয় প্রথম হয় এবং দীপা তঞ্চঙ্গ্যা শ্রেষ্ঠ বক্তা হয়।পুলিশ সুপার কামরুল আহসান বলেন, বিভিন্ন বিষয়ের ওপর বিতর্ক হবে। ১৭ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে।