মহাবিপদে বাংলাদেশ, রক্ষায় এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহাবিপদের মধ্যে রয়েছে, একে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের তরুণ কবি, লেখক ও শিল্পীরা। তাঁরা বলেছেন, দেশের মানুষকে দুভাগে ভাগ করার একটি সুগভীর চক্রান্ত চলছে। এর থেকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে প্রকাশক ফয়সল আরেফিন (দীপন) হত্যার প্রতিবাদে কবি-লেখক-শিল্পী সমাবেশের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ব্যানারে লেখা ছিল, ‘আমরা বিচার চাই না, শুভবুদ্ধির উদয় হোক। এসওএস বাংলাদেশ।’ প্রসঙ্গত, এসওএস হচ্ছে জরুরি সাহায্যের বার্তা ‘সেভ আওয়ার সোলস’-এর সংক্ষিপ্ত রূপ।
সমাবেশে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশ মহাবিপদে আছে। এটা শুধু সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের বিষয় নয়, যে জালের কারণে এসব হত্যাকাণ্ড হচ্ছে, সেই জাল ছিন্ন করতে না পারলে সামনে আরও ভয়ংকর কিছু অপেক্ষা করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক বলেন, এসব ঘটনা লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীদের অচল করার একটি অপচেষ্টা। খুব সুচিন্তিতভাবে দুটো উপায়ে এটা ঘটানো হচ্ছে। একটা হচ্ছে এসব হত্যাকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি, যেন লেখক-বুদ্ধিজীবীদের মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে। আরেকটা হচ্ছে আইন করে। সব জায়গায় সেন্সরশিপ আরোপের মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে কী বলা যাবে আর কী বলা যাবে না।
১৫ দিন সময় বেঁধে দিল গণজাগরণ মঞ্চ
প্রকাশক ফয়সল আরেফিনসহ মুক্তচিন্তার লেখকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চ। ২০ নভেম্বরের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে না পারলে ওই দিন গণসমাবেশ করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এ ছাড়া একের পর এক হত্যার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিবেবে ৯ নভেম্বর শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আলোর মিছিল এবং একই স্থানে ১৩ নভেম্বর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে নিহত বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বাবা অজয় রায় বলেন, ‘ব্লগার হত্যার নামে দেশে জঘন্যভাবে একের পর এক মানুষ হত্যা করা হচ্ছে। ফয়সলের বাবা বলেছেন, তিনি কোনো বিচার চান না। শুভবুদ্ধির উদয় হোক এটা চেয়েছেন। এটি দর্শনগত একটি বিষয়, কিন্তু আমি এর বিচার চাইব। সব হত্যাকারীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যত দিন না করা হবে, তত দিন সংগ্রাম চলবে।’
শিক্ষাবিদ মাহফুজা খানম বলেন, এখন লেখক ও প্রকাশক হত্যা হলেও ভবিষ্যতে হয়তো পাঠকদের হত্যা করা হবে।
এ সময় আয়েশা খানম, খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, খুশী কবির, খান আসাদুজ্জামান, মাহমুদুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য দেন।
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সুদৃঢ় করে সব ধরনের সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির আয়োজনে এক প্রতিরোধ সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সৈয়দ হাসান ইমাম, ফজলে হোসেন বাদশা, নাসির উদ্দীন ইউসুফ, আহাদ চৌধুরী, শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ। সমাবেশ শেষে তাঁরা একটি মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে যান।