
ঘন বন। মাঝখান দিয়ে বয়ে গেছে ক্ষীণ ধারার ছড়া। ছড়াটি এঁকেবেঁকে চলে গেছে বনের গহিনে। এই ছড়া ধরেই হেঁটে চলেছি। আশপাশে খুঁজছি কোনো পাখি-প্রজাপতি-ব্যাঙ-সাপ-বন্য প্রাণীর দেখা মেলে কি না। দেড় কিলোমিটারের মতো হাঁটার পর হঠাৎ কোনো কিছুর উড়ে যাওয়ার পতপত শব্দ শুনলাম। তবে জায়গাটা বেশ অন্ধকারাচ্ছন্ন। আশপাশে বেশ বড় বড় গাছ। তাই ঠিকমতো কিছু দেখতে পারছিলাম না। এদিক-ওদিক খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওর দেখা পেলাম। বিন্দুমাত্র দেরি না করে দুটো ক্লিক করলাম। কিন্তু অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ছবি ভালো হলো না। লাজুক পাখিটি দ্রুতই উড়ে আরও অন্ধকারে হারিয়ে গেল। ২০১৩ সালের এপ্রিলে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর বিটে দেখা সেই পাখিটিকে এরপর দেখিনি বছর খানেক।
এ বছর প্রজনন মৌসুমে অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে বন্য প্রাণী আলোকচিত্রী আল মারুফ রাসেল ও ডা. সজীব নজরুলকে নিয়ে ওর খোঁজে গেলাম কাপ্তাই জাতীয় উদ্যানে। সারা রাত বাসে ভ্রমণ করে সকালে যখন কাপ্তাই পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছে; চলল দুপুর পর্যন্ত। কাজেই নিশাচর পাখিটিকে দুপুরে না খুঁজে বরং নিজেদের উদর পূর্তির উদ্দেশ্যে বের হলাম। মোটামুটি মানের রেস্তোঁরা খুঁজতে খুঁজতে কাপ্তাই পেরিয়ে একটি লিচুবাগানের কাছাকাছি চলে এলাম। পাশেই দেখি শেখ রাসেল এভিয়ারি। মধ্যাহ্নভোজ সেরে ওখানে এক চক্কর দিলাম। এক চক্কর দিতেই দুপুর পেরিয়ে বিকেল। দ্রুত অটোরিকশা চেপে কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে চলে এলাম। মিনিট বিশেক হাঁটার পর এক জায়গায় এসে দেখলাম, ডা. সজীব চুপচাপ দাঁড়িয়ে। সামনে তাকিয়ে উত্তেজিত হয়ে পড়লাম। ‘বন বাচকো, বন বাচকো’ বলতে গিয়েও থেমে গেলাম। চুপচাপ সজীবের পাশে দাঁড়ালাম। ও ঠিকই টের পেয়ে গেছে। ধীর পায়ে হেঁটে হেঁটে বনের অন্ধকারাচ্ছন্ন এলাকায় চলে যাচ্ছে। কিন্তু এতে যে আমাদের ছবি তুলতে অসুবিধা হয়, সেদিকে তার খেয়ালই নেই। কাজেই সাক্ষী ছবি তুলেই সন্তুষ্ট থাকতে হলো। হাঁটতে হাঁটতে একসময় বনের অন্ধকারে হারিয়ে গেল। পরদিনও একই জায়গায় ওর দেখা পেলাম। তবে বাসা-বাচ্চার সন্ধান পেলাম না।
এতক্ষণ যার কথা বললাম, সে হলো বন বাচকো, বাঘা বক বা মালয়ি নিশি বক। বিরল এই পাখির বৈজ্ঞানিক নাম Gorsachius melanolophus। চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে বাস করে বিরল এই আবাসিক পাখি। বর্তমানে এ দেশে মহাবিপন্ন পাখির তালিকায় নাম লিখিয়েছে সে।
লাজুক এই পাখিগুলো নিশাচর। একাকী বা জোড়ায় বিচরণ করে। রাতে ঘন বনে বহমান নালা, জলপ্রবাহ, ছড়া ইত্যাদিতে হেঁটে হেঁটে বা স্থির দাঁড়িয়ে থেকে মাছ, কাঁকড়া, ব্যাঙ, অমেরুদণ্ডী প্রাণী ইত্যাদি ধরে খায়। দিনের বেলা পানিঘেরা ঝোপ বা বড় কোনো গাছে ঘুমিয়ে কাটায়। সচরাচর সকাল, সন্ধ্যা ও মেঘাচ্ছন্ন বিকেলে বেশি সক্রিয় থাকে। এ সময় ‘ওওওও... বা আরহ আরহ আরহ’ স্বরে ডাকে।
মে-জুন বন বাচকোর প্রজননকাল। এ সময় ঘন বনে প্রবহমান নদী-নালার ধারে ছোট কোনো গাছের শাখায় ডালপালা দিয়ে মাচার মতো বাসা বানায়। স্ত্রী বন বাচকো তাতে তিন থেকে পাঁচটি সাদা রঙের ডিম পাড়ে, যা ফোটে ১৯-২৪ দিনে। মহাবিপন্ন এই পাখিগুলো রক্ষায় এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার।