মহাব্যবস্থাপকের অপসারণ ও দুর্নীতিমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপককে অপসারণের দাবি জানিয়েছেন কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পীদের একাংশ। তাঁদের দাবি, গত আট মাসে কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পীদের বেশির ভাগকে বঞ্চিত করে তালিকার বাইরের শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করাচ্ছেন মহাব্যবস্থাপক। এর মাধ্যমে অর্থ লোপাট করা হচ্ছে। মহাব্যবস্থাপকের অনুগত কিছু ব্যক্তি এ কাজে সহায়তা করছেন।

গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘সম্মিলিত শিল্পী সমাজ, চট্টগ্রাম’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সভাপতি ও অভিনয়শিল্পী পংকজ বৈদ্য।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্তকে অপসারণ, স্থায়ী মহাব্যবস্থাপক নিয়োগ, দুর্নীতির তদন্তসহ ১০টি লিখিত দাবি উপস্থাপন করা হয়। এতে বলা হয়, মহাব্যবস্থাপক যোগদানের পর থেকে কেন্দ্রের অসংখ্য গুণী শিল্পীকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে। অযোগ্য লোকেরা টাকার বিনিময়ে নিয়মিত অনুষ্ঠান করছেন। মানহীন অনুষ্ঠানের কারণে দিন দিন সিটিভি দর্শকপ্রিয়তা হারিয়েছে। সিটিভিতে ছয় ঘণ্টার নাম করে চার ঘণ্টা পুরোনো অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে মনোজ সেনগুপ্ত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাতে গোনা ১০-১২ জন ব্যক্তি এসব ভুল তথ্য প্রচার করছেন। একসময় তাঁরাই সবকিছু কুক্ষিগত করে রেখেছিলেন। সিটিভিতে এখন তালিকাভুক্ত শিল্পীদের সবাই অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন। চট্টগ্রামের গুণী ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে ছয় ঘণ্টা সম্প্রচার শুরু হবে। কিন্তু একটি চক্র চেষ্টা করছে যাতে এই সম্প্রচার হতে না পারে।

গতকালের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সিটিভিতে এত বিভাজন ও তালিকার বাইরের শিল্পীদের দিয়ে এত অনুষ্ঠান করার নজির আগে ছিল না। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে শিল্পীরা প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন। তালিকাভুক্ত শিল্পীদের মধ্যে অনুষ্ঠান সমবণ্টন ও সম্মানী পরিশোধের জন্য লগ বুক চালু করারও দাবি জানানো হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত শিল্পী সমাজ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফরিদ বঙ্গবাসী, সংগীত পরিচালক এম এম নজরুল ইসলাম, দিলীপ দাশ, নাট্যকার সজল চৌধুরী, গীতিকার ফারুক হাসান প্রমুখ।