মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন
মহামান্য রাষ্ট্রপতি সবিনয়ে বলি
আমি দেশের ‘মানবতা’ পা খুঁড়িয়ে চলি।
ক্রসফায়ারে অসংখ্যবার গুলিবিদ্ধ আমি—
প্রতি পদে দেখি দেশের ভণ্ডামি, ভাঁড়ামি।
কারও কারও চোখে আমি পঙ্গু, খাটো, বেঁটে,
আমায় যখন জেলে ঢোকায় মা কাঁদে জেলগেটে।
দেশের অতি সহজ-সরল মানুষ আমার বাবা—
বিলাপ করে মাকে বোঝায় কই সুবিচার পাবা!
মহামান্য রাষ্ট্রপতি সুবিবেচক নেতা
আমি না হয় ছিলাম একটু উদার, স্বাধীনচেতা।
একটু না হয় মুক্ত বাতাস পাখির ওড়াউড়ি—
দেখার জন্য উড়ে উড়ে ছুটত জীবনঘুড়ি।
এখন আমার বুকে পাথর শরীরভরা ক্ষত—
গর্বভরা একাত্তরের উঁচু মাথা, নত।
এখন আমার চোখের সামনে কাঁটাতারের বেড়া,
বেড়ার ফাঁকে ফেলানীদের গায়ের চামড়া ছেঁড়া।
মহামান্য রাষ্ট্রপতি শেষ মিনতি, এই
সবাই যখন বলেন—দেশে মানবতা নেই,
তখন কত অমানবিক বিষ যাতনায় জ্বলি,
সবিনয়ে বলি—
ভীষণ রকম কান্না আসে, গাল বেয়ে জল পড়ে
মনের চাপা কষ্ট ব্যথায় হাড়গুলো নড়বড়ে।
যেখানেই কান পাতি, শুনি ঠাট্টা ও মশকরা—
‘বেঁচেও যখন মরার মতো তার চে’ ভালো মরা’।
মহামান্য রাষ্ট্রপতি হয়তো সহসাই
মরেই যাব, মরার আগে দেখে যেতে চাই—
সকালে রোদ নিরাপদে উঠানজুড়ে নাচে,
কাশবনে ফুল ফোটে, মানুষ—স্বপ্ন দেখে, বাঁচে।