মহামারির অসচেতনতাই আমাদের অশনিসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ইংরেজি সাহিত্যের ছদ্মাবরণে যেমন মহামারির প্রকোপ তুলে ধরা হয়েছে, তেমনি বাংলা সাহিত্যেও মহামারি বা মড়কের স্থান লাভ করেছে। তখনকার সময় মহামারিকে ‘মড়ক’ হিসেবেই সবাই চিনত। আদিকাল থেকেই মানবসমাজে এমন মহামারি ছড়িয়ে পড়ার আভাস পাওয়া যায়। বর্তমান যুগের তুলনায় তখনকার সমাজব্যবস্থায় অপ্রতুলতার কারণে অনেক পিছিয়ে ছিল বলে হয়তো মহামারি অনেক বড় আকার ধারণ করেছিল।

তাই বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসে আমরা মহামারির বিভীষিকাময় জীবন সহজেই আঁচ করতে পারি। ‘পরদিন বেলা এগার-বারটার মধ্যে জাহাজ রেঙ্গুন পৌঁছিবে, কিন্তু ভোর না হইতেই সমস্ত লোকের ভয় ও চাঞ্চল্যের একটা চিহ্ন দেখা দিল। চারিদিক হইতে একটা অস্ফুট শব্দ কানে আসিতে লাগিল, “কেরেন্টেন”। খবর লইয়া জানিলাম, কথাটা 'Quarantine'. তখন প্লেগের ভয়ে বর্মা গভর্ণমেন্ট অত্যন্ত সাবধান। শহর হইতে আট-দশ মাইল দূরে একটা চড়ায় কাঁটাতারের বেড়া দিয়া খানিকটা স্থান ঘিরিয়া লইয়া অনেকগুলি কুঁড়েঘর তৈয়ারী করা হইয়াছে, ইহার মধ্যে সমস্ত ডেকের যাত্রীদের নির্বিচারে নামাইয়া দেওয়া হয়। দশদিন বাস করার পর, তবে ইহারা শহরে প্রবেশ করিতে পায়।’

তখনকার সাহিত্যেও আমরা ‘কোয়ারেন্টিন’ শব্দটির সঙ্গে পরিচিত হই এবং অনুধাবন করতে পারি মহামারির ভয়াবহতা। মহামারিতে কতটুকু প্রতিকূলতা সইতে পেরে মানুষ এগিয়ে যায়, তার উদাহরণ এখনকার দুঃসময়ই বলে দেয়। তখনকার সময়ের সাহিত্য থেকেও ধারণা লাভ করতে পারি।

প্রথমদিকে কোভিড-১৯ ভাইরাস চীনে ধরা পড়লেও বিশ্বে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি বলে সবার মধ্যেই স্বস্তির নিশ্বাসটুকু ছিল। আস্তে আস্তে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়লে আতঙ্ক ঘনীভূত হতে থাকে। কয়েকটি দেশে সংক্রমণের মাত্রা বেশি ঘটিয়ে আতঙ্কের ছাপটা আরও বেশি করে নাড়া দেয়। আমাদের দেশও এর ব্যতিক্রম বলা চলে না।

বর্তমান সময়ের জীবনের বাঁকে এসে চিন্তিত মনে সবাই দিন পার করছে। কখন যে আক্রান্তের লেখচিত্রটা নিচে নেমে আসবে। কিন্তু আমাদের দেশে আক্রান্তের গ্রাফটা দিন দিন ওপরের দিকে উঠছে। এসব ভয়ার্ত খবর তীব্র উদ্বেগের সৃষ্টি করে। আতঙ্কে সীমাবদ্ধতার মধ্যে কোনো গণ্ডি নেই বলে সবার মুখে মলিনতার ছাপটুকু বেড়েই যায়। ভাসমান মানুষ দারিদ্র্যের কশাঘাতে দিনাতিপাত করছে। নেমে আসে নিস্তব্ধতার আঁধার। খুঁজে নিতে হয় নতুনভাবে বাঁচার পথ।

দেশে লকডাউন সামান্য শিথিল করার ফলেই শহরের অলিতে–গলিতে মানুষের আনাগোনা বেড়ে গেছে। কেউ কেউ আঁচ করতে চায় না পরিস্থিতির বিষণ্নতা। কোনো কোনো মানুষ প্রয়োজনের তাগিদেই হয়তো ঘর থেকে বের হয়, কেউ কেউ প্রয়োজন ছাড়া বের হওয়ার পথ খুঁজে নেয়। আবার কেউ হয়তো দরজায় খিল দিয়ে নিস্তব্ধতায় দিনগুলো অতিবাহিত করছে।

বিশেষ করে যাঁরা কর্মক্ষেত্রে কাজ করে চলেছেন, তাঁদের জন্য বিপর্যয়ের হাতছানি। প্রয়োজনের তাগিদেই কর্মস্থলে যেতে হয়। নিজেরা সচেতন থাকলেও অন্যের অসচেতনতার প্রভাব ভাবিয়ে তুলে। অবচেতন মনকে মানিয়ে নিয়ে তাঁরা সীমাবদ্ধতায় লাগাম টেনে রাখতে চান না। এ ক্ষেত্রে প্রতিদিনকার ব্যাংকের চিত্র দেখলেই আঁচ করতে পারা যায় কিছু মানুষের সচেতনতার দৃষ্টিভঙ্গি।

আবার কিছু প্রান্তিক জনগোষ্ঠী আছে, যারা মাস্ক ব্যবহার করছে না, কেউ কেউ ব্যবহার করলেও হাতে দস্তানার বালাই নেই। তাদের মতে, মাস্ক ব্যবহারেই সংক্রমণের সীমাবদ্ধতা থেকে যায়!
টাকাপয়সার যোজন-বিয়োজনে কিছু রিকশার দেখা মিললেও অন্য বাহনের কমই দেখা মিলে। শহুরের পাড়ার গলিতে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ চায়ের দোকান পরিলক্ষিত হয়। কিছু মানুষ ভাবনার তেমন ফুরসত খুঁজে পায় না, তাই হয়তো মাছ কিংবা সবজির বাজারে গা–ঘেঁষে চলতে অভ্যস্ত হয়ে পড়ে।

গ্রামের ক্ষেত্রেও সচেতনতার বালাইয়ে ভিন্নতা পরিলক্ষিত হয় না। তাই তো কেউ কেউ সিগারেট টেনে ধায়, শহরতলি কি না পোড়ে না; গ্রাম। সে তো এ গ্রামের মানুষের কল্যাণে স্থিমিত। তার মধ্যে বয়োবৃদ্ধদের কথার বরখেলাপ চলে নাকি! অস্পৃশ্যতা মানব মনের চাহিত চাহিদা। সেটা অপয়াদের আঘাত করে। বঙ্গদেশে কি আর পশ্চিমা হতে ঘূর্ণিঝড় তেড়ে আসে? মহামারি; সেটা তো তাদের মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছে। আমাদের জীবন বাঁকে ওসব খেলা করতে আসবে না। তাদের (পশ্চিমাদের) জীবনের ছন্দ এভাবেই রচিত হয়ে আছে! স্থির থেকে চায়ের কাপে চুমুক দিয়ে আবার কেউ কথার ফুরসত বাড়িয়ে দেয়।

বাক্‌সচেতন কিছু মানুষ সাবান কিংবা হ্যান্ড স্যানিটাইজার দু–এক দিন ব্যবহার করলেও তৃতীয় দিন থেকে হরহামেশাই পুরোনো ধাঁচে চলে আসে। মহামারির প্রেক্ষাপটে সাবলীলতার বহিঃপ্রকাশ এভাবেই আসে। হাতে নেই কোনো দস্তানা, তবে মুখে রয়েছে মাস্ক। একটি টি–স্টলে দুই–তিনটা ছোট বেঞ্চ থাকে বলে সবাইকে গাদাগাদি করেই বসতে হয়। চায়ে এক চুমুক কিংবা দুই চুমুক দিয়ে তবেই আরেকটি কথার ফুলঝুরি কিংবা আলোচনার গতি নির্ধারিত হয়।

কিছু লোক হয়তো অতশত বোঝে না। দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা গলাধঃকরণ করে। দোকানের টিভিতে সামাজিক দূরত্ব কিংবা Sicial Distancing-এর কথা দেখতে পেলেও
মনঃসংযোগ বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনাতেই নিহিত থাকে। দূরত্ব বজায় রাখলে কী সুবিধা হবে, সেটা বুঝতে চাইলেও কেউ তাদের কথার মতান্তরে আসে না। অনেক্ষণ দাঁড়িয়ে থেকে আবার টিভিতে দেখতে পায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার নিয়ম। হ্যান্ড স্যানিটাইজার যে কী, এখনো তাদের মাথায় আসে না। সত্যিই তো, কজনই–বা হ্যান্ড স্যানিটাইজার সম্পর্কে ধারণা রাখে।

পরক্ষণেই ভাবি, হার্ড ইমিউনিটি মনে হয় ওখানেই বেশি কাজ করে। তা না হলে কাছে আসার গল্পে কিংবা কাছে যাওয়ার মননে নিজেদের কেমনে আগলে রাখে! হার্ড ইমিউনিটি না থাকলে হয়তো রসাল আলাপচরিতা চায়ের দোকানে স্থান পেত না! তাই তো, ভাষার অন্বেষণে কিংবা পারদর্শিতার বিচারে আরও এক ধাপ এগিয়ে থাকে তারা।

পাড়ার রোমিওর দলটি যারপরনাই মানুষের সাহায্যার্থ সময়ক্ষেপণ করছে। কাউকে শুদ্ধি অভিযানের নামে বাড়িতে থাকতে বলছে, কাউকেবা কাছে না ঘেঁষার জন্য বলছে। ভাবনার স্ফুরণটুকু স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যেই দেখা যায়।

আবার নিম্ন শ্রেণির লোকেরা অসহায়ত্বে দিনগুলো পার করছে। তাদের অসহায়ত্বের চাহনি গোটা সমাজকে ভাবিয়ে তুলে। কেউ হয়তো কর্মক্ষেত্রে কাজ করার অধিকারটুকু হারিয়ে কায়ক্লেশে জীবন যাপন করছে। এদের জন্যই কেউ হয়তো মানবতার দক্ষিণ হস্তটুকু বাড়িয়ে দিচ্ছে।

ভাবি, সবকিছুই চলেছে আপন গতিতে।
ভোরবেলায় লেজ নাড়াতে নাড়াতে কাঠবিড়ালিটি এ গাছ থেকে ও গাছে লাফিয়ে চলে। ফিঙে পাখিগুলো আওয়াজ তুলে খেলায় মত্ত থাকে।

একপশলা বৃষ্টির পর পানি লেগে আছে বাড়ির উঠানে। তাতেই লুটোপুটি খাচ্ছে বাড়ির হাঁসগুলো।

সন্ধ্যাবেলায় ঘরের ওপর দিয়ে উড়ে যায় বক। সাদা পালকগুলো স্পন্দিত করে জানান দেয় নীড়ে ফিরে আসার ঠিকানায়।

এভাবেই আশা–নৈরাশার দোলাচলে আশাকে নিয়েই আমরা বাঁচতে শিখি। ভাবি, অচিরেই ফিরে পাব আমাদের দেখা স্বপ্নগুলো। আবার ডানাগুলো মেলতে শিখবে ঈপ্সিত আকাঙ্ক্ষাগুলো।

*ব্যাংকার।