মহামায়া লেকে কাঠুরিয়া নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া ইকো-পার্কের লেকে শাহাদাত হোসেন (২১) নামের এক কাঠুরিয়া নিখোঁজ হয়েছেন। গত রোববার পাহাড় থেকে বাঁশ নিয়ে ফেরার সময় তিনি নিখোঁজ হন।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত শাহাদাতের সন্ধান পাওয়া যায়নি। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মধ্যম গড়িয়াইশ গ্রামে।
মহামায়া ইকো-পার্কের কাউন্টার ব্যবস্থাপক তাজউদ্দীন বাচ্চু নিখোঁজ শাহাদাতের এক আত্মীয়ের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, রোববার বেলা আড়াইটার দিকে বাঁশের বোঝা নিয়ে লেক দিয়ে ভেসে বাড়িতে আসছিলেন শাহাদাত। কিন্তু তিনি বাড়িতে ফেরেননি। গতকাল সকালে শাহাদাতের বাঁশের বোঝা লেকের পানিতে ভাসতে দেখা যায়। দুপুর থেকে ডুবুরিরা তাঁর সন্ধানে লেকে তল্লাশি চালান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
মহামায়ার ইজারাদার আবু সুফিয়ান বলেন, শাহাদাতের সন্ধান পাওয়া না গেলে মঙ্গলবারও (আজ) উদ্ধার অভিযান চালানো হবে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শাহাদাতের সন্ধানে অভিযান চালানো হয়েছে। যে স্থানে শাহাদাত নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তার চারপাশে খুঁজে দেখা হয়েছে। কালও (আজ মঙ্গলবার) অভিযান চলবে।