মহামায়া লেকে ডুবে নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি
মিরসরাইয়ের মহামায়া লেকে আনন্দভ্রমণে আসা নিখোঁজ ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কফিল উদ্দিনকে উদ্ধারে ব্যর্থ হয়েছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত রোববার বিকেল প্রায় সাড়ে তিনটায় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় কফিল। গতকাল সোমবার বিকেল সোয়া ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কফিল উদ্দিনের কোনো হদিস মেলেনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কফিল পানিতে ডুবে নিখোঁজ হওয়ার পর গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা দোলন আচার্যের নেতৃত্বে একটি দল মহামায়া লেকে উদ্ধারকাজ শুরু করে। রাত নয়টা পর্যন্ত চেষ্টা করে কফিলকে উদ্ধারে ব্যর্থ হয়ে তাঁরা ফিরে যান। পরে চট্টগ্রামে নৌবাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। লে. মো. শাহীনের নেতৃত্বে রাত প্রায় ১০টায় ডুবুরিরা মহামায়া লেকে পৌঁছান। ওই রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত জোর চেষ্টা চালিয়েও কলেজছাত্র কফিলের হদিস পাননি নৌডুবুরিরা। কফিল উদ্দিন ফেনীর ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া গ্রামের পোস্টমাস্টার মো. শাহজাহানের একমাত্র সন্তান।