মহারাজা স্কুল মাইন িবস্ফোরণ দিবস পালন
আলোচনাসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দিনাজপুরে মহারাজা স্কুল মাইন বিস্ফোরণ দিবস পালন করা হয়েছে।
১৯৭২ সালের ৬ জানুয়ারি ওই বিস্ফোরণে ছয় শতাধিক মুক্তিযোদ্ধা নিহত ও আরও দুই শতাধিক মুক্তিযোদ্ধা আহত হন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প স্থাপন করা হয়। যুদ্ধ শেষ হওয়ার পর দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুরসহ এই অঞ্চলের রাস্তাঘাটে শত্রুদের পুঁতে রাখা মাইন, ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক অপসারণ করে মহরাজা স্কুলে ক্যাম্পে আনা হচ্ছিল। ৬ জানুয়ারি মাগরিবের আজানের সময় প্রচণ্ড বিস্ফোরণে মহারাজা স্কুল উড়ে যায়। সেখানে অবস্থানকারী ছয় শতাধিক মুক্তিযোদ্ধা, ইপিআর, সেনাসদস্য, আনসার নিহত হন। দুই শতাধিক মুক্তিযোদ্ধা আহত হওয়ার ঘটনা ঘটে।
দিনাজপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিবসটিকে প্রতিবছর পালন করে আসছে।
গতকালও দিনাজপুরের মানুষ শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, কবরে ফাতেহা পাঠ, কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এসব কর্মসূচির মাধ্যমে তারা মাইন বিস্ফোরণে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানায়।
স্কুল চত্বর এবং দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।