মহার্ঘ ভাতার দাবিতে চট্টগ্রামে রেলের মহাব্যবস্থাপক অবরুদ্ধ
সরকার-ঘোষিত মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে অবরুদ্ধ করে রেখেছিলেন যান্ত্রিক প্রকৌশল বিভাগের ট্রেড অ্যাপ্রেনটিসরা।
গতকাল রোববার সকাল থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর চট্টগ্রামের সিআরবির নিজ দাপ্তরিক কক্ষে মহাব্যবস্থাপককে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে পাঁচটায় ক্ষুব্ধ কর্মচারীরা সরে যান।
সম্প্রতি সরকার সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে। তাঁদের বেতন-ভাতার সঙ্গে মহার্ঘ ভাতাও দাবি করে আসছেন ট্রেড অ্যাপ্রেনটিসরা। রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেনটিসের সংখ্যা ১৯৭ জন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চল গঠিত।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ট্রেড অ্যাপ্রেনটিসরা আমার দপ্তরে সকালে অবস্থান নেন। তাঁরা মহার্ঘ ভাতা দাবি করে আসছেন। তাঁদের দাবি আমরা রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ে আগে পাঠিয়ে দিয়েছি। এ ব্যাপারে সিদ্ধান্ত না আসায় আমরা আন্দোলনকারীদের দাবির ব্যাপারে কোনো কিছু বলতে পারছি না।’
গতকাল শতাধিক বিক্ষোভকারী মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা মহাব্যবস্থাপককে অবরুদ্ধ করে রাখেন। তাঁদের সঙ্গে যোগ দেন রেলওয়ের শ্রমিক নেতারা।