মহালছড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট এলাকা থেকে গতকাল শুক্রবার ময়না আক্তার (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, বিয়ের আগে কেয়াংঘাট গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের সঙ্গে ময়না আক্তারের সম্পর্ক ছিল। একপর্যায়ে ময়না আক্তার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর ময়না আক্তার বিয়ের জন্য চাপ দিলে রবিউল নানা অজুহাতে এতে অস্বীকৃতি জানান। দেড় মাস আগে এ নিয়ে সালিস হয়। এরপর ময়নার সঙ্গে রবিউলের বিয়ে হয়।
ময়নার বাবা ময়নুল ইসলাম বলেন, বিয়ের পর রবিউলের পরিবার ময়নাকে মেনে নিতে পারেনি। এ নিয়ে প্রায়ই ময়নার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। গত বৃহস্পতিবার বিকেলে রবিউল ময়নাকে তাঁদের বাড়ি দিয়ে যান। পরে রাত ১০টার দিকে আবার নিয়ে যান। শুক্রবার সকালে জলাশয়ে ময়নার লাশ পাওয়া যায়।
ময়নুল ইসলামের অভিযোগ, রবিউল ইসলাম ময়নাকে হত্যা করেছেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমাহুন কবীর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করছে। তিনি জানান, এ ঘটনায় রবিউলকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গ্রেপ্তার রবিউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।