মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলনে স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতি দাবি
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা শাখার তৃতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। স্বতন্ত্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে মহালছড়ি কলেজের হলরুমে গতকাল শুক্রবার বেলা ১১টায় এই সম্মেলন শুরু হয়। এতে ম্যাজিক দেওয়ানকে সভাপতি, রতন স্মৃতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং ক্যচিংমং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কমিটির ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ম্যাজিক দেওয়ানের সভাপতিত্বে সম্মেলন অধিবেশনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমেন চাকমা, জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, ঢাকা শাখার সাংগঠনিক সম্পাদক মিটন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার সভাপতি সর্বানন্দ চাকমা ও ক্যচিংমং মারমা, রতন স্মৃতি চাকমা প্রমুখ।বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাহাড়ি জনগণ অংশ নিলেও বাহাত্তরের সংবিধানে পাহাড়ি জাতিসত্তার স্বীকৃতি দেওয়া হয়নি। পাহাড়ি জনগণ আশা করেছিল, বর্তমান মহাজোট সরকার সেই ভুলের পনরাবৃত্তি করবে না। কিন্তু সরকার পাহাড়ি জনগণের আকাঙ্ক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরং দেশে সব সংখ্যালঘু জাতির ওপর উগ্র বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায় না।শিক্ষা দিবসের কর্মসূচি: শিক্ষা দিবস উপলক্ষে পিসিপির কেন্দ্রীয় কমিটি আগামী ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা মাঠে ছাত্র সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি গ্রহণ করেছে। সংবিধানে জতিসত্তার স্বীকৃতি, সামুতাঙের গ্যাস বাইরে পাচার প্রতিরোধ ও শিক্ষাসংক্রান্ত পিসিপির পাঁচ দফা বাস্তবায়নের দাবি সামনে রেখে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।