মহালছড়িতে সন্ত্রাসী হামলায় কলেজছাত্র আহত
জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী হামলায় এক কলেজছাত্র আহত হয়েছেন। পরে তাঁকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্র আলমগীর হোসেন (২২) খাগড়াছড়ি সরকারি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। তিনি মাইসছড়ি এলাকার জয়সেনপাড়ার জাহিদ হোসেনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন কলেজে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠেন। গাড়িটি মাইসছড়ি বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মো. মনির হোসেন (২২), মো. জলিল (২১), শাহাজালাল (২৪) ও আমির হোসেন (২৩) নামের সন্ত্রাসীরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এতে আলমগীর হোসেন মারাত্মক আহত হন। পরে বাজার এলাকার লোকেরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু শাহেদ চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়রু ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। খাগড়াছড়ি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, আহত ছাত্র মাথা ও পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখন আশঙ্কামুক্ত।