মহালয়া আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার মহালয়া। শারদীয় দুর্গোৎসবে দেবীপক্ষের শুরু, বিজয়া দশমীতে যার সমাপ্তি। সনাতন হিন্দুদের ধর্মবিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা তাঁর সন্তানদের নিয়ে পৃথিবীতে আসার জন্য যাত্রা শুরু করবেন আজ। আর পৃথিবীব্যাপী ভক্ত ও পূজারিরা আজ প্রত্যুষে চণ্ডীপাঠের মাধ্যমে দেবীকে স্বাগত জানাবেন।

সনাতন ধর্মবিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী মণ্ডপে মণ্ডপে আজ মহালয়ার দিন দেবীর মূর্তিতে চক্ষুদান করা হবে। অর্থাৎ শিল্পী মাতৃরূপিণী দেবীর যে মূর্তি গড়েছেন তার চোখের অবয়বকে পূর্ণতা দেবেন। এ ছাড়া, মহালয়ার দিনে সনাতন ধর্মবিশ্বাসীরা প্রয়াত নিকটজনদের স্মরণে তর্পণ করবেন।

মহালয়া শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির চূড়ান্ত পর্ব। ১৮ অক্টোবর, রোববার দেবীর বোধনের সাত দিন আগের এই দিন থেকেই দেবীর আগমন প্রতীক্ষায় শারদ প্রকৃতি নতুন রূপে সজ্জিত হতে শুরু করে। আজ পূজামণ্ডপে চণ্ডীপাঠ হবে। ঢাক বাজবে। বিশেষ পূজার্চনা হবে।

পূজার সামগ্রী সংগ্রহ, পূজা উপলক্ষে কেনাকাটা প্রভৃতি কাজে ভক্তদের ব্যস্ততা বাড়বে। অনেকে পূজার ছুটিতে বেড়াতে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে দুর্গোৎসবের চূড়ান্ত প্রস্তুতি শুরু হচ্ছে আজ।