মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসবে দেবী দুর্গার আনুষ্ঠানিক আবাহন মহালয়া শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহাশক্তি দেবী দুর্গার আবাহনই মহালয়া। বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এই মহালয়া থেকে। মন্দিরে-মণ্ডপে শুরু হয় ঢাকের বাদ্য।দেবীর বোধন বা অধিষ্ঠান হয় শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। এর আগে অমাবস্যায় শুরু হয় মহালয়া। গতকাল মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন ঘোষণা করা হয়। দেবীপক্ষ থাকবে কালীপূজার আগের দিন পর্যন্ত।মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় গতকাল। বিকেল পাঁচটায় মহালয়ার ঘট স্থাপন করে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ, রামকৃষ্ণ মিশন, রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উপাসনালয়, বরদেশ্বরী কালীমন্দির, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, শাঁখারী বাজারের মন্দির এবং তাঁতীবাজার ও লালবাগের বিভিন্ন মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হয়েছে।মহানগর সর্বজনীন পূজা কমিটি সূত্র জানায়, এ বছর রাজধানীর ৪১টি থানার মধ্যে ৩১টি থানা এলাকায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপের সংখ্যা মোট ১৯৬টি। এর মধ্যে পুরান ঢাকায় ৮০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এবার ১০টি নতুন পূজামণ্ডপ বাড়লেও পুরোনো সাতটি মণ্ডপে পূজা হচ্ছে না। সারা দেশে ২৭ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবার।২ অক্টোবর সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। ৩, ৪ ও ৫ অক্টোবর সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা অনুষ্ঠিত হবে। ৬ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। এ বছর দেবী আসবেন গজের (হাতি) পিঠে চড়ে এবং ফিরবেন দোলায় (পালকি)।