মহাশূন্যে আমাদের একটা জায়গা কিন্তু আছে

অনেক বছর ধরেই যুক্তরাষ্ট্রে আমার পেশাগত দায়িত্ব মহাকাশ কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পর্কিত। মার্কিন কংগ্রেস ও প্রেসিডেন্টের আদেশে ‘মনুষ্যবাহী মহাকাশযাত্রার ভবিষ্যৎ’ নিয়ে কাজ করছে একটি কমিশন। এই সরকারি কমিশনের হয়ে কাজ করছি আমি। এখন পর্যন্ত কাজ করার অভিজ্ঞতাটি দারুণ। কারণ, এটি আমাকে বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ অগ্রযাত্রায় ক্ষুদ্র হলেও একটি অবদান রাখতে সাহায্য করছে। তবে এ কাজ করতে গিয়ে এবং কয়েক বছর ধরে মহাকাশ-প্রযুক্তি নিয়ে আমি যেসব কাজ করেছি, তাতে একটি প্রশ্ন আমাকে প্রায়ই শুনতে হয়েছে, ‘এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী?’ এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন।
মহাকাশ অভিযান আমাদের দেশের প্রাত্যহিক জীবন থেকে অনেক দূরের একটি ব্যাপার যেন। এর চেয়েও আসন্ন অনেক চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হয়। তা ছাড়া আমাদের উচ্চপ্রযুক্তি অবকাঠামো এখনো তুলনামূলকভাবে অনুন্নত। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো বছরের পর বছর চেষ্টা করে মহাশূন্য থেকে যে অর্জন পেয়েছে, সেটা এখনই ছাড়িয়ে যাওয়ার আশা আমরা করতে পারি না।
তার পরও মহাশূন্যে আমাদের একটা জায়গা কিন্তু আছে। আমরা তা উপলব্ধি করতে না পারলেও বাংলাদেশের মতো দেশের জন্যও মহাকাশ-প্রযুক্তি সরাসরি অনেক সুফল বয়ে আনতে পারে। যেমন ধরুন, কৃষিকাজ আমাদের দেশের বেশির ভাগ মানুষের জীবিকার উৎস। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আমাদের কৃষি সম্পদ আরও কার্যকরভাবে বিনা অপচয়ে ব্যবহারের বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে। খারাপ আবহাওয়া ও বাজে উৎপাদনের কারণে যে অনিশ্চয়তা, তাতে এটা সব সময় সম্ভবও হয় না। মহাকাশে ভাসমান থাকা কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) কৃষকদের ফসল, পালিত পশু, চাষযোগ্য জমি, বৃষ্টিপাত এবং অন্যান্য বিষয়ে যথাযথ তথ্য দিয়ে সাহায্য করতে পারে। কয়েক শতাব্দী ধরে কৃত্রিম উপগ্রহ এই কাজগুলো করে আসছে, যেখানে বিশেষ ধরনের ক্যামেরা শত শত মাইল দূরের মহাকাশ থেকে ভূমির পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারে।

বাংলাদেশের খুবই ভালো একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আছে। বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন—স্পারসো নামের এই প্রতিষ্ঠানটি বিদেশি উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে আমাদের জাতীয় কৃষির লক্ষ্য পূরণে বিশেষ ভূমিকা রাখছে। ‘রিমোট সেন্সিং’ ব্যবহার করে কৃষির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির অন্যান্য ক্ষেত্রেও মহাকাশ প্রযুক্তি কাজে লাগানো যায়। যেমন রোগ বা দূষণে সুন্দরবনের বনাঞ্চল আক্রান্ত হয়েছে কি না, তা দেখা; বাংলাদেশে বিভিন্ন ভূপ্রাকৃতিক জরিপ করে মূল্যবান খনিজ সম্পদ শনাক্ত করা; পরিবেশ পর্যালোচনা করে শিল্পজাত ও মানুষের কারণে সৃষ্ট দূষণের মাত্রা নিরূপণ করা।
আসলে মহাকাশের ব্যবহার এতটাই বিশাল, এই ছোট্ট পরিসরে সব উল্লেখ করাও সম্ভব নয়। টেলিযোগাযোগ, ইন্টারনেট যোগাযোগ, টেলিভিশন সম্প্রচার, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আবহাওয়া গবেষণা, জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) যোগাযোগ, ভৌগোলিক পরিবর্তনসহ আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই এখন মহাকাশের উপগ্রহ দ্বারা চালিত হয়। মহাকাশ কার্যক্রম এখন আর শুধু ধনী দেশগুলোর একচ্ছত্র জায়গাও নয়। মালয়েশিয়া, তুরস্ক, আলজেরিয়া, মিসর, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম—এ রকম অনেক দেশেরই এখন মহাকাশ কার্যক্রম আছে; তারা এসব ক্ষেত্রে বিনিয়োগও করছে। এই দেশগুলো যদি মহাকাশের দিকে ক্ষুদ্র পদক্ষেপ রাখতে পারে, তাহলে আমরা কেন পারব না? বিশেষ করে যেখানে আমাদের হাতে রয়েছে মহাকাশ কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটি—তরুণ, চৌকস, বুদ্ধিমান মানুষ যারা স্বেচ্ছায় কঠোর পরিশ্রম করতে প্রস্তুত।
হ্যাঁ, এ ক্ষেত্রে বিনিয়োগের জন্য আমাদের হাতে টাকা খুব সামান্যই আছে বটে। আমাদের অন্যান্য অগ্রাধিকারও আছে। কিন্তু মহাকাশ কার্যক্রমে একটি ক্ষুদ্র প্রাথমিক বিনিয়োগও অদূর ভবিষ্যতে আমাদের জন্য অনেক সুফল বয়ে আনতে পারে। জাতীয় উন্নয়নে আমাদের যে লক্ষ্যগুলো, সেটা শিক্ষাক্ষেত্রেই হোক, পরিবেশ সংরক্ষণ কিংবা অর্থনৈতিক উন্নয়ন, সেটি এক-দুই বছরের জন্য হওয়া উচিত নয়। হওয়া উচিত দীর্ঘমেয়াদি ভবিষ্যতের কথা ভেবেই। আর ভবিষ্যতের পথে সেই যাত্রা ক্ষুদ্র একটি পদক্ষেপের মাধ্যমেই হতে পারে।
উদাহরণ হিসেবে বলা যায়, ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড ছোট ছোট কৃত্রিম উপগ্রহ বানায়। নাইজেরিয়া, চিলি, কাজাখস্তান—এদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, এমন সব উপগ্রহ বানানোর জন্য, যেগুলো তাদের ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করবে। এটা বাংলাদেশের জন্যও একটা সম্ভাব্য মডেল হতে পারে কিংবা আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগ খুলতে পারি এ বিষয়ে—যেখানে ক্ষুদ্র স্যাটেলাইট বানানো হবে। আর সেটি কম খরচে রাশিয়া বা চীনের বানানো রকেটের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে পাঠাতে পারি।
আমি এতক্ষণ এ ধরনের প্রকল্পের শুধু কারিগরি উপকারিতার কথা বলেছি। কিন্তু এর অন্য একটা উপকারিতাও আছে, যেটা পরিমাপ সম্ভব নয়। সেটা হলো অনুপ্রেরণা। সাধারণ, অথচ রোমাঞ্চকর একটি মহাকাশ প্রকল্পে আমাদের তরুণদের যুক্ত করাতে পারলে সেটা নিঃসন্দেহে তাদের আরও বেশি অনুপ্রাণিত করবে বড় কিছু করে দেখানোর। আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় মহামারির মতো ছড়িয়ে পড়া সমস্যাগুলোর পাল্টা জবাবও হতে পারে এটি। কারণ, মহাকাশ মূলত একটি অরাজনৈতিক বিষয়, যার সম্ভাবনা আছে ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষকে একই কাতারে নিয়ে আসার, এই বিশ্বাস ভাগাভাগি করে নেওয়ার; জাতীয় উন্নয়নে আমাদের প্রজ্ঞা, অধ্যবসায় ও একাগ্রতা অব্যাহত রাখার একটা মূল্য আছে।
এটা বলছি না বিজ্ঞান ও প্রযুক্তি সব সমস্যার সমাধান করে দেবে। সেটা হবে অতিসরলীকরণ। আমাদের উচিতও হবে না অর্থহীন খাতে অর্থের অপচয় করা। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের দূরদর্শী হতেই হবে। কিন্তু এই যুগে তুলনামূলকভাবে খুব অল্প পরিমাণে হলেও এই খাতে বিনিয়োগ করে ভবিষ্যতের দিকে দৃপ্ত একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক-দুই বছরের মধ্যে এই বিনিয়োগের সুফল হয়তো আমরা দেখতে পাব না, কিন্তু সামনের বছরগুলোয়, আমাদের পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে। ভবিষ্যৎ-মনস্ক বাংলাদেশিদের মধ্য থেকে ভবিষ্যতের দিকে একটি পা ফেলার এ ধরনের উদ্যোগ দেখতে পেলে আমি সবচেয়ে গর্ববোধ করব।
ইংরেজি থেকে অনূদিত
আসিফ সিদ্দিকী
মহাকাশ ইতিহাসবিদ। যুক্তরাষ্ট্রের ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের অ্যারোস্পেস হিস্ট্রির চার্লস লিন্ডবার্গ চেয়ার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে আসিফ সিদ্দিকীর লেখা দ্য রকেটস রেড গ্লেয়ার: স্পেসফ্লাইট অ্যান্ড দ্য সোভিয়েত ইমাজিনেশন ১৮৫৭-১৯৫৭ বইতে ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ার সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটে মহাজাগতিক বিষয়ে উৎসাহের বিষয়টি আবিষ্কৃত হয়েছে। আসিফ সিদ্দিকীর লেখা প্রথম বই অ্যাপোলো: দ্য সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড দ্য স্পেস রেস, ১৯৪৫-১৯৭৪ সোভিয়েত মহাকাশ কর্মসূচি নিয়ে লেখা ইংরেজি ভাষায় সেরা বই হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০০৪ সালে তিনি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।