মহাশূন্যে বিচরণ করে গড়তে চাই আরেক ইতিহাস: মুসা ইব্রাহীম
এভারেস্টশৃঙ্গ জয়ের পর এবার প্রথম বাংলাদেশি হিসেবে মহাকাশজয়ের স্বপ্নের কথা জানিয়েছেন মুসা ইব্রাহীম। গতকাল রোববার দুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে মুসা ইব্রাহীম তাঁর এই স্বপ্নের কথা জানান। ঠাকুরগাঁওয়ের ছেলে মুসা ইব্রাহীমের কৈশোরের স্কুল ঠাকুরগাঁও সুগারমিলস্ উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেন।অনুষ্ঠানে মুসা বলেন, এভারেস্টজয়ের পর তিনি তিনটি স্বপ্ন দেখেছেন—প্রথম বাংলাদেশি হিসেবে মহাকাশ ভ্রমণ, দেশের একজন নারীকে মাউন্ট এভারেস্ট জয় করতে সহায়তা করা এবং নদীপথে টেকনাফ থেকে তেঁতুলিয়া সাঁতরে পার হওয়া।ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শীবেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনিসুর রহমান, পয়গাম আলী, চিনিকলের মহাব্যবস্থাপক আবদুর রউফ ও প্রধান শিক্ষিকা সেলিনা আকতার।মুসা ইব্রাহীম বলেন, ‘এই স্কুলে পড়ার সময় লক্ষ্য নির্ধারণ করেছিলাম, প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টশৃঙ্গে পা রেখে দেশের পতাকা ওড়াব। সে জন্য চেষ্টা করেছি, প্রশিক্ষণ নিয়েছি, অবশেষে উড়েছে বাংলাদেশের পতাকা। অনুষ্ঠানে স্কুলকে ঘিরে কৈশোরের নানা স্মৃতিচারণ করেন মুসা। এর আগে মুসা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে শিক্ষার্থীরা স্লোগান তোলে, ‘এভারেস্টজয়ী মুসা ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা’ ও ‘মুসা ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম।’ ফুল ছিটিয়ে ও হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে মুসাকে বরণ করে সংবর্ধনাস্থলে নিয়ে যান বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকেলে মুসার বন্ধুরা ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে আরেকটি সংবর্ধনার আয়োজন করে।