মহাষ্টমী স্নান ও মেলায় পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়
চৈত্র মাসের অষ্টমী তিথিতে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান ও মেলার। বাসন্তী পূজা উপলক্ষে পাপ থেকে পরিত্রাণ পেতে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ স্নান উৎসবে অংশ নেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:রায়গঞ্জ (সিরাজগঞ্জ): মেলা বসে উপজেলার ধানগড়া, নলছিয়ায় এবং ফুলজোড় নদীর পাড়ে ভূইয়াগাঁতীতে। আজ মঙ্গলবার ভূইয়াগাঁতীতে ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হবে। ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ফুলজোড় নদীতে চলে পাপ মোচনের স্নান।পীরগাছা (রংপুর): উপজেলার কান্দিতে মাষানকুড়া নদীতে পুণ্যস্নান ও বারুণি উৎসবে যোগ দেন অসংখ্য মানুষ। নদীর তীরে দুই কিলোমিটার এলাকাজুড়ে বসে বারুণি মেলা।গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): উপজেলার কুঠিবাড়ী করতোয়া নদীর তীরে স্নানোৎসব হয়। এ উপলক্ষে করতোয়া নদীপাড়ে কেন্দ্রীয় মহাশ্মশান ও কুঠিবাড়ী এলাকায় বারুণির মেলা বসে।