শেরপুরে গতকাল শনিবার ‘মানুষ-হাতি দ্বন্দ্ব’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শেরপুরের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ সভার আয়োজন করে।
জেলা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন প্রজেক্টের (এসআরসিডব্লিউপি) আওতাধীন ন্যাশনাল এক্সপার্ট কমিটির (এনইসি) চেয়ারম্যান সাবেক সচিব মিহির কান্তি মজুমদার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দীন আহমদ।
সভায় ইশতিয়াক উদ্দীন আহমদ বলেন, দেশে ৩০০ থেকে ৩৫০টি বন্য হাতি রয়েছে। হাতি এখন মহাসংকটাপন্ন অবস্থায় রয়েছে।
সভায় আরও বক্তব্য দেন উপপ্রধান বন সংরক্ষক আকবর হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মোস্তফা ফিরোজ, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি পাখি বিশেষজ্ঞ মো. ইনাম আল হক প্রমুখ। পরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মানুষ-হাতি বিরোধ নিরসনে গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয়।