মহাসচিব ও দলীয় কোটায় মন্ত্রিত্ব পাওয়া নিয়ে জাপায় অস্থিরতা
হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে (জাপা) কিছুদিন ধরে বেশ অস্থিরতা চলছে। দলীয় সূত্রগুলো জানায়, দলটির বর্তমান মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব পদ-প্রত্যাশী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর তৎপরতাকে কেন্দ্র করে অস্থিরতার সৃষ্টি হয়েছে।ক্ষমতাসীন মহাজোটের অংশীদার হিসেবে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরকে মন্ত্রী করা হয়েছে আগেই। এখন জাতীয় পার্টির আরও একজনকে মন্ত্রিত্ব দেওয়ার সম্ভাবনা আছে বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে। এই অবস্থায় রুহুল আমিন হাওলাদার ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব পদের পাশাপাশি দলের কোটায় মন্ত্রিত্ব পাওয়ার জন্যও জোর তদবির করছেন। দলটির বিশ্বস্ত একটি সূত্র জানায়, দলের চেয়ারম্যান এরশাদ রুহুল আমিন হাওলাদারকে মন্ত্রী করার জন্য সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ করেন। কিন্তু আওয়ামী লীগ তথা সরকারি মহলের পছন্দ জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। এ জটিলতায় জাতীয় পার্টি থেকে আরেকজন মন্ত্রী করার বিষয়টি আটকে আছে। জাতীয় পার্টির নেতাদের একটি অংশের মতে, বাবলুর মন্ত্রিত্ব ঠেকাতে নানাভাবে তৎপরতা চালাচ্ছেন রুহুল আমিন হাওলাদার। বিষয়টি টের পেয়ে বাবলুও তৎপর হয়েছেন হাওলাদারকে মহাসচিব পদ থেকে সরাতে। এ নিয়ে দলটির বাকী নেতারাও বিভক্ত হয়ে পড়েছেন। দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টিতে এ মুহূর্তে রুহুল আমিন হাওলাদের পক্ষে রয়েছেন রওশন এরশাদ ও কাজী জাফর আহমদ। আর জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পক্ষে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ ও গোলাম মসিহ। এর মধ্যে রুহুল আমিন হাওলাদারের পক্ষের অংশ বিএনপিপন্থী এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পক্ষের অংশ আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আট-নয় মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদকে সরকারের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই সরকারের প্রথম দিকে এরশাদ এ পদের জন্য আগ্রহ দেখালেও পরে আর এ প্রস্তাব গ্রহণ করেননি। মাস দেড়েক আগে প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূত এরশাদের সঙ্গে দেখা করে মন্ত্রিত্বের জন্য তাঁর দলের একজনের নাম প্রস্তাব করার অনুরোধ করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের একাংশের দাবি, রুহুল আমিন হাওলাদার নয় বছর ধরে মহাসচিব আছেন। কিন্তু দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা পায়নি। দল শক্তিশালী করার জন্য মহাসচিব পদে পরিবর্তন দরকার। আরেকাংশের দাবি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু রাজনৈতিক নীতিনির্ধারণে যতটা দক্ষ, সংগঠক হিসেবে ততটা নন। তাই মহাসচিব পদে তিনি এলে দল খুব লাভবান হবে না। সূত্র জানায়, মহাসচিব পদে পরিবর্তন হবে কি না, তা নির্ভর করছে দলের চেয়ারম্যান এরশাদের ওপর। মহাসচিব পরিবর্তনে তাঁর একক ক্ষমতা আছে।জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘স্যার (এরশাদ) তাঁকে (জিয়াউদ্দিন বাবলু) স্নেহ করেন। তবে মহাসচিব পদ আশা করা তাঁর আকাশকুসুম কল্পনা।’জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।