মহাসচিব ও সম্পাদকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির নেতারা চাঁদাবাজি করছেন বলে অভিযোগ করেছেন সেখানকার সাধারণ যাত্রীবাহী গাড়ির মালিকেরা। তাঁরা চাঁদাবাজি বন্ধ করতে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দিয়েছেন। পরিবহন মালিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবিলম্বে সংস্কার করে যান চলাচলের উপযোগী করারও দাবি জানিয়েছেন। একই দাবিতে গত বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে তাঁরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সমিতির মহাসচিব রবিউল ইসলাম ওরফে শাহীন, সমিতির কোচ শাখার সম্পাদক বিকাশ সরকার, বাস শাখার সম্পাদক শামসুল আলম ও মিনিবাস শাখার সম্পাদক দুধনাথ প্রসাদ গুপ্তের নেতৃত্বে চাঁদাবাজি চলছে। গতকাল জমা দেওয়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি গাড়ি থেকে ৫০ টাকা চাঁদা নেওয়ার নিয়ম থাকলেও সমিতির নেতারা প্রতিদিন জেলার লোকাল গাড়ি থেকে ৩০০-৪০০ টাকা করে এবং ঢাকায় যাতায়াতকারী গাড়ি থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা করে আদায় করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মোটর মালিক সমিতির সাবেক নেতা ও পৌর কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম ওরফে মিন্টু বলেন, দীর্ঘ ৫৭ বছর পর গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গাড়ির মালিকদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠিত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই কমিটি ভেঙে দিয়ে পছন্দমতো লোক দিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আবেদিন তুহীন, সাবেক অর্থ সম্পাদক একরামুল হক তালুকদার এবং সমিতির অন্যান্য নেতা মাহবুবুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ, ইকবাল ফখর উদ্দীন মুন্না প্রমুখ। তাঁরা অবিলম্বে প্রশাসনের সহায়তায় বর্তমান কমিটি ভেঙে দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচন দেওয়ার দাবি জানান।জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আশরাফ উদ্দীন ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আবদুস ছোবহান স্মারকলিপি গ্রহণ করেন।এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য মহাসচিব রবিউল ইসলাম শাহীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। বিকাশ সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছে না। ষড়যন্ত্র করে নেতৃত্বে আসতে এমন অভিযোগ তোলা হয়েছে।জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ‘অভিযোগ সত্য নয়। আর নিয়মমাফিক বর্তমান কমিটি গঠন করা হয়েছে।’