মহাসচিব পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নেপথ্য সংলাপ চলছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া অংশ পরিদর্শন শেষে গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘উদ্বেগ-আতঙ্ক যতই থাকুক, আশার প্রদীপ জ্বলছে। বিএনপি কৌশলগত কারণে সংলাপের কথা প্রকাশ করছে না। তবে সত্য চাপা দিয়ে রাখা যায় না। তালু দিয়ে আকাশ ঢেকে রাখা যায় না। বিরোধী দল হয়তো যাচাই করে দেখছে, সরকার কতটা আন্তরিক। আমরা কোনো লুকোচুরি করিনি, খোলা মন নিয়ে সংলাপের কথা বলছি।’
যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে গত রোববার রাতে তড়িঘড়ি করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভাঙা এক কিলোমিটার অংশের সংস্কারকাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এর আগে মন্ত্রী গত ১১ সেপ্টেম্বর সড়কটির চাষাঢ়া অংশ পরিদর্শনে গিয়ে ২০ দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এর ১৫ দিন পর কিছু ইটের খোয়া ফেলে রোলিং করার মধ্যেই সংস্কারকাজ সীমিত রাখা হয়।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন কর্মকর্তা।