মহাসড়ক অবরোধ ও ওসি প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসী গতকাল শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকা অবরোধ করেছে। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর এলাকাবাসী গতকাল সন্ধ্যা ছয়টায় অবরোধ তুলে নেয়। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, নগরের আকবর শাহ্ থানার ১০০ গজ দূরে গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. বেলাল হোসেন (৩৫) নামের এক যুবক খুন হন। নিহত বেলাল নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকার মৃত শাহাব মিয়ার ছেলে।
বেলাল হোসেনের পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকায় এস আর ট্রেডিং নামে একটি লোহার ডিপো দখল নিয়ে প্রতিবেশী মোহাম্মদ রনির (৩০) ও তাঁর পরিবারের সঙ্গে বেলালের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। ওই রাতেই বেলাল ও তাঁর ভাইপো মো. শাহেদ (১৭) আকবর শাহ থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওসি রনিকে মুঠোফোনে মামলার বিষয়টি জানিয়ে দেয় বলে এলাকাবাসীর অভিযোগ।
পারিবারিক সূত্র আরও জানায়, পরে ওসির কাণ্ড বেলাল তাঁর বড় ভাই হাসান মোস্তফাকে মুঠোফোনে জানান। হাসান মোস্তফা ওসির কাছে মুঠোফোনে তাঁর ভাইদের নিরাপত্তা দাবি করেন। কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই বলে ওসি হাসানকে আশ্বাস দেন। পরে বেলাল ও তাঁর ভাইপো শাহেদ বাড়িতে ফিরছিলেন। তাঁরা আকবর শাহ থানার ১০০ গজ দূরে সিডিএ এক নম্বর সড়কের রেললাইনের কাছাকাছি গেলে রনির নেতৃত্বে পাবেল ও মোহাম্মদ মিয়াসহ ১০-১২ জন বেলাল ও তাঁর ভাইপোকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পুলিশ ও এলাকাবাসী আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বেলাল মারা যান।
এদিকে ঘটনার পরই পুলিশ মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে। বেলালের লাশ গতকাল শনিবার বিকেল তিনটায় এলাকায় পৌঁছালে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আরিফিন জুয়েল ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। এতে সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের ঘোষণা দিলে জনতা স্লোগান দিতে থাকে। ক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টার মধ্যে আকবর শাহ থানার ওসি আবদুর রাজ্জাকের অপসারণ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছিল। পরে আরেফিন জুয়েল জনতার কাছে ক্ষমা চেয়ে বলেন, ওসি মামলা না নেওয়ায় অন্যায় হয়েছে। ওসির প্রত্যাহার দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হবে বলে জানান। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘বেলালকে ছুরিকাঘাত করার পর তাঁর এক ভাই আমাকে ফোন করে। আমি দ্রুত পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানোর ব্যবস্থা করি।’ ঘুষ দাবির বিষয়ে তিনি বলেন, ‘জনগণ অনেক কথাই বলে।’ আসামি রনিকে মামলার বিষয়টি জানানোর কথা ওসি অস্বীকার করেন।