ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ ঘটনায় মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এলাকাবাসী জানান, উপজেলার কাজীর শিমলা নজরুল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন না করে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি মনগড়া কমিটি গঠন করে। এতে স্থানীয় লোকজন ও শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল বেলা ১১টার দিকে ওই কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর পরও এলাকাবাসী অবরোধ তুলে না নিলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মেহেদী হাসান ঘটনাস্থলে আসেন। তিনি সাত দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। পরে প্রায় তিন ঘণ্টা পর বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।