মহাসড়ক অবরোধ যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক নিহত হওয়ার জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে বাড়ি ফেরার সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় অবস্থিত এস এফ ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক নাছিমা আক্তার (২৬) রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৫১৬৭) তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় ওই কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে মহাসড়ক অবরোধ করেন। তাঁরা কাভার্ড ভ্যানটিকে আগুনে পুড়িয়ে দিয়ে বিক্ষোভ ও সাত-আটটি যানবাহন ভাঙচুর করেন। শ্রমিকেরা সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহামেঞ্চদ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

টঙ্গীতে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরে টঙ্গীর নিশাতনগর এলাকায় অবস্থিত হা-মীম গ্রুপের দ্যাটস ইট গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গত মে মাসের বেতন পরিশোধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেন। তাঁরা মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধঘণ্টা অবরোধ করেন। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।