গত রোববার ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার বেলা একটা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছেন।
এদিকে আহ্বায়ক কমিটির পক্ষের নেতাকর্মীরা গতকাল বিকেল পাঁচটায় শহরে আনন্দ মিছিল বের করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ঈশ্বরগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা গোলচত্বর এলাকায় অবরোধ করে সমাবেশের আয়োজন করেন যুবলীগের নেতারা।
এ সময় সড়কের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার যানজট তৈরি হয়। চৈত্রের খরতাপে দুর্ভোগে পড়েন শত শত বাসযাত্রী।
সমাবেশে বক্তব্য দেন যুবলীগের সভাপতি শাফায়াত হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাইফুল ইসলাম প্রমুখ।
শাফায়াত তাঁর বক্তব্যে অভিযোগ করেন, রাজপথের আন্দোলন থেকে যুবলীগ নেতা-কর্মীদের সরিয়ে নেওয়ার চক্রান্তের অংশ হিসেবে এটা করা হয়েছে।
এ কমিটি বাতিল করা না হলে আবদুছ ছাত্তারকে ঈশ্বরগঞ্জে অবাঞ্ছিত বলে ঘোষণা দেন তাঁরা।
বেলা একটায় সমাবেশ শেষ করে নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
যুবলীগের আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা আসে গত রোববার রাতে। তাৎক্ষণিক যুবলীগ নেতারা রাত সাড়ে আটটা থেকে বিক্ষোভে ফেটে পড়েন।
তাঁরা শহরে সমাবেশ করেন ও ভাঙচুর চালান। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে কয়েকটি ফাঁকা গুলি করতে হয়েছে। গত সোমবার সকাল থেকে যুবলীগ নেতা-কর্মী ও সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।