মহাসড়ক দখল করে ফলের বাজার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা দখল করে ফলের বাজার বসানো হয়েছে। এতে সড়কে সৃষ্টি হচ্ছে যানজটের৷ ফলে পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, ঢাকা-চ্ট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার পদচারী সেতুর (ফুটওভার ব্রিজের) পাশের এলাকা দখল করে ফলের বাজার বসানো হয়েছে৷ এখানে আম, লিচু, জামরুল, কাঁঠাল ও আনারস পাইকারি বিক্রি করা হয়৷ সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বাজারে ফল বিক্রি করা হয়৷ স্থানীয় নজরুল ইসলাম, আমিন ব্যাপারী, শাহ আলম মিয়া, কুতুব উদ্দিন, রাইসুল হক, আজিমুদ্দিন, হজরত আলী, সালাউদ্দিন মিয়াসহ শতাধিক ব্যবসায়ী এক মাস ধরে এই বাজারে ব্যবসা করছেন৷
গতকাল সোমবার সকালে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কের এক পাশের একিট লেনের প্রায় ২৫০ ফুট দীর্ঘ এলাকা দখল করে ফলের বাজার বসানো হয়েছে৷ বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে আম, লিচু, কাঁঠাল ও আনারস কিনে ট্রাক ভরে নিয়ে যাচ্ছেন৷ এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে নিয়ে আসা ফল এখানে নামানো হচ্ছে৷ এতে এই অংশে যানজটের সৃষ্টি হচ্ছে৷
সোনারগাঁয়ের ইউএনও মাহমুদ হাসান জানান, মহাসড়কের দখল না ছাড়লে যাঁরা বাজার বসিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।