মহাসড়ক যেন 'চষা খেত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর-খুলনা মহাসড়কের শাঁখারীগাতী নামক স্থানে ঈদের আগে যান চলাচল স্বাভাবিক রাখতে ফেলা হয়েছে বালু-পাথর। তবে এক রাতের বৃষ্টিতেই তা ঢিবিতে পরিণত হয়েছে। এতে যান চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ। গতকাল দুপুরে ছবিটি তুলেছেন এহসান-উদ-দৌলা
যশোর-খুলনা মহাসড়কের শাঁখারীগাতী নামক স্থানে ঈদের আগে যান চলাচল স্বাভাবিক রাখতে ফেলা হয়েছে বালু-পাথর। তবে এক রাতের বৃষ্টিতেই তা ঢিবিতে পরিণত হয়েছে। এতে যান চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ। গতকাল দুপুরে ছবিটি তুলেছেন এহসান-উদ-দৌলা

যশোর-খুলনা মহাসড়কের যশোরের শাঁখারীগাতী থেকে ঘুনি রাস্তার মোড় পর্যন্ত অন্তত দুই কিলোমিটারজুড়ে হাঁটুসমান কাদা। দেখে মনে হবে যেন ‘চষা খেত’। ওই কাদাপানিতে প্রতিদিন পণ্যবাহী ট্রাক আটকে যাচ্ছে। দেখা দিচ্ছে তীব্র যানজট। এ কারণে লোকজনকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
যশোর সদর উপজেলার মুড়ুলি মোড় থেকে অভয়নগরের নওয়াপাড়া পর্যন্ত ২২ কিলোমিটার অংশই খানাখন্দে ভরা। গত ঈদের আগে যান চলাচল স্বাভাবিক রাখতে গর্তে পাথর-বালু ফেলে সড়ক সংস্কার করা হলেও বৃষ্টিতে তা টেকেনি।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার আরবিএল ও এএস নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ওই ২২ কিলোমিটারের মধ্যে সদর উপজেলার গোপালপুর থেকে নওয়াপাড়া পর্যন্ত প্রায় সাড়ে ১৯ কিলোমিটারের সংস্কারকাজের কার্যাদেশ পেয়েছে। দরপত্রে বার্ষিক রক্ষণাবেক্ষণের এই কাজে সাড়ে ১৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, শাঁখারীগাতী থেকে ঘুনি রাস্তা মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার যান চলাচলের অনুপযোগী। মোটরসাইকেলের নিয়ন্ত্রণও রাখা যাচ্ছে না। কাদায় কখনো চাকা আটকে যাচ্ছে, কখনো চাকা স্লিপ করছে। পণ্যবাহী ট্রাকগুলো ওই রাস্তায় কাদার নিচে দেবে যাচ্ছে। এ সময় তিন চাকার অটোরিকশা, ইজিবাইক ও নছিমনের মতো হালকা যানগুলোকে চার-পাঁচজন মিলে ঠেলে পার হতে দেখা যায়।
কামরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওরা বৃষ্টি হলি কাজ করতি আসে, শুকনোর সময় আসে না। ওই ঈদ থেকে এই ঈদের আগ পর্যন্ত অন্তত দেড় মাস কোনো বৃষ্টি ছিল না। এ সময়ে তাগের কোনো খোঁজ ছিল না।’
ট্রাকচালক জুলফিকার আলী বলেন, ১০ দিন ধরে সড়কে হাঁটুসমান কাদা রয়েছে। এর মধ্যে কাদায় আটকে পড়ে বেশ কয়েকটি ট্রাকের যন্ত্রপাতি নষ্ট হয়েছে। পরে হাইওয়ে পুলিশের উদ্ধারকারী দল এসে ট্রাকগুলো টেনে নিয়ে গেছে। তিন দিন ধরে দুটি ট্রাক রাস্তার পাশে পড়ে আছে। এগুলোর মেরামতের কাজ চলছে।
চা-দোকানি জানান, গত মঙ্গলবার দুপুরে কাঠবোঝাই একটি ট্রাক ওই কাদায় আটকে যায়। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে ট্রাকটি তোলা যায়নি।
এই পথের বাসচালক তোবার আলী বলেন, খুলনা থেকে যশোরের পালবাড়ী পর্যন্ত যেতে এক ঘণ্টা ৫০ মিনিট সময় দেওয়া থাকে। কিন্তু কোনো দিনই সময়মতো পৌঁছানো যাচ্ছে না। রাস্তা খারাপ হওয়ায় কমপক্ষে ৪৫ মিনিট সময় বেশি লাগছে।
ঘুনি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বর্ষায় সড়কে কাদাপানি জমে। আর দু-এক দিন রোদ থাকলে ধুলাবালিতে একাকার হয়ে যায়।
নওয়াপাড়ার নূরবাগ এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কে চলাচল স্বাভাবিক রাখতে অন্তত আধা কিলোমিটারজুড়ে ইটের বিছানা পেতে দেওয়া হয়েছে। এটা মূল সড়ক থেকে প্রায় দেড় ফুট উঁচু।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী আকমল হক সরকার বলেন, সড়ক সংস্কারের প্রস্তুতি চলছিল। হঠাৎ টানা বৃষ্টি শুরু হওয়ায় কাজ করা যাচ্ছে না।
সওজ যশোরের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, এ মহাসড়কে যোগাযোগ স্বাভাবিক রাখা প্রকৃতির ওপর নির্ভর করছে। দু-তিন দিন কড়া রোদ হলে শুকনো মাটি সমান করে দেওয়া হবে। রোদ না হলে কিছুই করার নেই।