মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম অটো টেম্পো-অটোরিকশা শ্রমিক সমম্বয় পরিষদ। গতকাল রোববার চট্টগ্রাম শহীদ মিনার চত্বরের এক সমাবেশ থেকে ওই দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও অটো টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার শ্রমজীবী মানুষের রুটিরুজির ওপর আঘাত করেছে। সরকারের এই সিদ্ধান্ত কার্যকরের কারণে সারা দেশে প্রায় ২০ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে। আগামী ১২ আগস্টের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ১৩ আগস্ট চট্টগ্রাম জেলা ও মহানগর এলাকায় ধর্মঘট পালিত হবে। ওই দিন তিন চাকার কোনো গাড়ি রাস্তায় চলবে না।
গতকাল শহীদ মিনারে সমাবেশে সভাপতিত্ব করেন সমম্বয় পরিষদের আহ্বায়ক আবদুল গফুর। এতে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রুহুল আমিন প্রমুখ।
মহাসড়কে দুর্ঘটনা এড়ানোর জন্য সরকার গত ১ আগস্ট থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে।