মহাসড়কে অটোরিকশা চলাচলের বিষয়ে আপস নয়: মন্ত্রী
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের মাধ্যমে সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচলের বিষয়ে কোনো আপস করা হবে না। তবে মহাসড়ক চার লেনে উন্নীত হলে ছোট যানবাহনের জন্য আলাদা লেন (রাস্তা) করার আশ্বাস দেন তিনি।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে দুপুরে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসড়কে অটোরিকশা না চলাচলের বিষয়ে মন্ত্রী তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে নির্দেশ দিয়েছেন বড় রাস্তাগুলোর পাশে লেন রাখতে। ভবিষ্যতে যেসব রাস্তা তৈরি হবে, সেখানে বাইলেন থাকবে। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে দেশে সাড়ে ২১ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার জাতীয় মহাসড়ক। বাকি ১৮ হাজার কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক। এই ১৮ হাজার কিলোমিটার সড়কে অটোরিকশা চলাচলে কোনো বাধা নেই। তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেট থেকে বাইলেন ও মহাসড়কের ওপর থেকে বাজার অপসারণের কাজ করা হবে।
মহাসড়কে অটোরিকশার মতো ছোট যানবাহনগুলোকে ‘মরণফাঁদ’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আগে জীবন, তারপর জীবিকা। চালক-মালিকদের কাছে অনুরোধ করব, বাইলেন হওয়ার আগে সাড়ে তিন হাজার কিলোমিটার মহাসড়কে যেন অটোরিকশা না চালায়।’