মহাসড়কে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা
প্রায় তিন ঘণ্টা অবরোধের পর আজ রোববার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম নগরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে ব্যাটারিচালিত রিকশা মালিক-চালক সংগ্রাম পরিষদ। এতে ওই সড়কে যান চলাচল আবারও শুরু হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনভুক্ত এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালাতে দেওয়াসহ সাত দফা দাবিতে নগরের সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পরিষদের লোকজন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমস্যা সমাধানে আগামীকাল সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক হবে ও পরিষদের দাবি বিবেচনা করা হবে—পুলিশ প্রশাসনের এমন আশ্বাসের ভিত্তিতে বেলা দেড়টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এ ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, আগামীকাল পুলিশ প্রশাসকের কার্যালয়ে সব পক্ষকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
এর আগে সকাল ১০টার দিকে সংগ্রাম পরিষদের লোকজন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাসভবন ঘেরাও করতে যান। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা গোল্ডেন কনটেইনার লিমিটেডের সামনের খালি মাঠে সমাবেশ করেন। পরে সেখান থেকে সরে গিয়ে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন।
আরো জানতে পড়ুন