ট্রাকের ধাক্কায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে গতকাল শনিবার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট ও সমাবেশ হয়েছে। মেডিকেল কলেজের শিক্ষার্থী-চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা ওই ট্রাকচালকের কঠোর শাস্তির দাবির পাশাপাশি নিরাপদ সড়কের দাবি জানান।
১৫ সেপ্টেম্বর মহাসড়কের আর কে রোডে সার্জি হোমের সামনে দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ইশতিয়াক তাহসীন সাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।
মেডিকেল মোড়ে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। ফলে মহাসড়কের দুই দিকে প্রায় চার কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অনেকে কেঁদে ফেলেন। সমাবেশে তাঁরা নিরাপদ সড়কের দাবি জানিয়ে বলেন, ‘ট্রাকের ধাক্কায় একজন মেধাবী চিকিৎসক হারিয়ে গেলেন। তিনি সবার কাছে অতি প্রিয় মানুষ ছিলেন। আমরা সড়ক দুর্ঘটনায় আর মৃত্যু চাই না।’
রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন বলেন, শুধু চিকিৎসক ইশতিয়াক নন, ৪ সেপ্টেম্বর বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত রংপুর মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী মেহনাজ সুলতানার ডান পা কেটে ফেলতে হয়েছে। মহাসড়ক অবরোধ করে আজকের সমাবেশ ও অবস্থান ধর্মঘটের কারণে জনগণের অসুবিধা হলেও দাবি জানানোর প্রতিবাদের আর কোনো ভাষা ছিল না।
সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রংপুর শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অনিমেষ মজুমদার প্রমুখ।