মহাসড়কে অবৈধ স্থাপনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
কয়েক দিন নির্বিঘ্নে যান চলাচল করলেও গতকাল শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।
পুলিশ জানিয়েছে, বাড়বকুণ্ড বাজার এলাকায় মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধ দোকান তৈরি করায় এ যানজটের কারণ। তা ছাড়া সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও বাসচালকেরা এলোমেলো গাড়ি চালানোর কারণে এ যানজট সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার সকাল নয়টার পর থেকে বাড়বকুণ্ড বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের পাশে অবৈধ দোকান তৈরি, সড়কের ওপর ইট-বালি রাখা ও বাজারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ঘুরানোর কারণেও এ যানজট লেগে যায়।
যানজটের কথা স্বীকার করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, বাড়বকুণ্ড বাজার এলাকায় মহাসড়ক অনেকটা সরু। তার ওপর সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে হালকা যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া গতকাল মহাসড়কে গাড়ির চাপও একটু বেশি। তবে এ যানজট স্থায়ী নয়। গাড়িগুলো ওই বাজার পার হলে সীতাকুণ্ডের আর কোথাও যানজটে পড়ে না। যানজটমুক্ত রাখতে অবৈধ দোকানগুলো উচ্ছেদ হওয়া প্রয়োজন।
মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় অবৈধভাবে দোকান গড়ে ওঠার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেন, ওই এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।