মহাসড়কে আটকা মানুষ

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-দিনাজপুর মহাসড়কে তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে মানুষ। এসব সড়কে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া যানজট আজ শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে। একই অবস্থা মাওয়া-কাওড়াকান্দি নৌপথের মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটেও। সেখানেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফেরা যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
যানজটে বাসগুলো আটকে থাকায় বাস ছাড়ার সময়সূচিতেও বিপর্যয় দেখা গেছে। সময়মতো কোনো বাসই ঢাকার উদ্দেশে ছাড়তে পারেনি। ফলে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাউন্টারগুলোতে বসে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাত থেকে যানজট, দুর্ভোগ চরমে
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। স্থবির হয়ে পড়েছে ওই এলাকা। যাত্রীদের দুর্ভোগ উঠেছে চরমে।
কুড়িগ্রাম থেকে ঢাকাগামী জবা পরিবহনের যাত্রী মোখলেছ মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, রাত ১১টায় তিনি কুড়িগ্রাম থেকে ঢাকার বাসে উঠেছেন। সকাল সাতটার মধ্যে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা। কিন্তু বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মির্জাপুরে পৌঁছাতে পারেননি। কখন পৌঁছবেন তা-ও জানা নেই। সঙ্গে কোনো খাবার নেই। গাড়ি ছেড়ে দিতে পারে এই ভয়ে তিনি কোনো হোটেলে নেমেও খাবার খাননি।
জামালপুরে মাদারগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান নামের আরেক যাত্রী সকাল সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হন। তিন ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও বিকেল চারটায়ও তিনি মির্জাপুরে পৌঁছতে পারেননি।
যাত্রীরা আর কতক্ষণ এ রকম আটকে থাকবে, জানতে চাইলে মির্জাপুরের গোড়াই মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল আলম বলেন, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে যাত্রী ও গাড়ির যা চাপ তাতে আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত যানজট থাকতে পারে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুদিনের হরতালের পর ঈদের ছুটি কাটিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে লোকজন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এতে গতকাল দুপুরের পর মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এ ছাড়া মির্জাপুর উপজেলার ধেরুয়ায় একটি দোতলা বাস বিকল ও ধেরুয়া রেলক্রসিংয়ের ওপর বড় ধরনের একটি গর্তের সৃষ্টি হয়। কালিয়াকৈর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৭০ কিলোমিটার এলাকায় গতকাল রাত থেকে আজ সকাল সাতটা পর্যন্ত তীব্র যানজট লেগে থাকে। সকাল সাতটার পর যানজট কিছুটা কমে। কিন্তু পরে আবার তা চরমে ওঠে।
আমাদের মির্জাপুর প্রতিনিধি জানান, চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত ৫০ কিলোমিটার জায়গাজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যেসব গাড়ি যাচ্ছে, সেগুলো ঘণ্টার পর ঘণ্টা থেমে আছে। আর চন্দ্রার পরে উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে কোনো গাড়ি আসছে না বললেই চলে। মির্জাপুর থেকে তিন কিলোমিটার দূরে কর্নি নামে একটি এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে আছে বলে খবর পাওয়া গেছে। সে কারণেই গাড়িগুলো চন্দ্রা পর্যন্ত এসে আটকে আছে। মহাসড়কের চন্দ্রা থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এবং নাটিয়াপাড়া থেকে এলেঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজট চরমে উঠেছে।
ঢাকা-দিনাজপুর মহাসড়কে যানজট, কাউন্টারে অপেক্ষায় যাত্রীরা
ঢাকা-দিনাজপুর মহাসড়কে বগুড়া হয়ে চলাচলকারী উত্তরবঙ্গগামী (১১ জেলা) দূরপাল্লার প্রায় দেড় হাজার বাস যানজটে আটকা পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েও এসব বাস আজ শুক্রবার বিকেল পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী দূরপাল্লার সব বাসের সময়সূচিতে চরম বিপর্যয় ঘটেছে।
রাতে ছেড়ে আসা বাস যানজটে আটকে থাকায় আজ সকাল থেকেই বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে টিকিট কেটেও কাউন্টারগুলোতে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য বসে থাকতে হয় যাত্রীদের। বাসের সময়সূচিতে বিপর্যয় ঘটায় ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী হাজার হাজার যাত্রীকে দিনভর চরম দুর্ভোগ পোহাতে হয়। ঢাকা-বগুড়া রুটের বগুড়ার ঠনঠনিয়া কোচ টার্মিনালে বিকেল চারটার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাউন্টারে কাউন্টারে শত শত যাত্রীর ভিড়। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য বসে আছে যাত্রীরা। সকাল সাতটার বাস কবে ছাড়বে, তা এখনো কাউন্টার থেকে নিশ্চিত করে কেউ বলছেন না। বৃষ্টির মধ্যে কাদাজলে ঘণ্টার পর ঘণ্টা ধরে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষারত এসব যাত্রীর দুর্ভোগ চরমে। অনেক যাত্রী রাগে ক্ষোভে ফেটে পড়ছেন কাউন্টারগুলোতে। অনেকে দীর্ঘ সময় ধরে বাসের জন্য বসে থেকে অসুস্থ হয়ে পড়ছেন। কেউ কেউ টিকিট ফেরত দিয়ে কাউন্টারগুলোতে টাকা ফেরত চাচ্ছেন। তবে কাউন্টারগুলো থেকে একই জবাব, ‘রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো গাড়ি এখনো পৌঁছায়নি। গাড়ি এলেই পর্যায়ক্রমে তা ছেড়ে যাবে।’
বগুড়ার ঠনঠনিয়া টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনে টিকিট কেটে বসে আছেন ঢাকায় একটি ব্যাংকে কর্মরত তামান্না রহমান। তিনি বলেন, ‘সকাল সাতটায় বাস ছাড়ার কথা। বিকেল চারটা পর্যন্ত বাস ছাড়েনি। কখন ছাড়বে, সেটাও নিশ্চিত করে কাউন্টার থেকে কেউ বলছে না।’
শ্যামলী পরিবহনের একটি বাসে টিকিট কেটে ছোট ছোট দুই সন্তান নিয়ে সকাল থেকে বসে আছেন রাজধানীর উত্তরায় বসবাসকারী গাইবান্ধার সাঘাটার বিলকিস আখতার। তিনি বলেন, ‘সকাল ১০টায় বাস ছাড়ার কথা ছিল। ছয় ঘণ্টা পরও বাস ছাড়েনি। ছোট ছোট বাচ্চা আর মালপত্র নিয়ে কাউন্টারের সামনে বৃষ্টিতে ভিজছি। রোদে ঘামছি। কষ্টে-দুর্ভোগে কান্না পাচ্ছে।’
শাহ ফতেহ আলী পরিবহনের পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঢাকা থেকে বগুড়া হয়ে উত্তরবঙ্গের ১১ জেলায় প্রতিরাতে প্রায় দেড় হাজার বাস ছেড়ে আসে। ঈদের কারণে গতকাল বৃহস্পতিবার রাতে কমপক্ষে দুই হাজার বাস উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছে। কিন্তু মাঝরাস্তায় যানজটের কারণে একটি বাসও এখন পর্যন্ত বগুড়ায় পৌঁছায়নি। নির্ধারিত সময়ে গাড়ি না পৌঁছানোয় কোচসংকটের কারণে উত্তরবঙ্গ থেকে কোনো বাসও ছাড়া সম্ভব হচ্ছে না।’
এসআর পরিবহনের ঠনঠনিয়া টার্মিনালের কাউন্টার ম্যানেজার বাবলু মিয়া বলেন, ‘প্রতি আধা ঘণ্টা পরপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা রাজধানীগামী এসআর পরিবহনের কোচ বগুড়া অতিক্রম করে। কিন্তু ঢাকা থেকে রাতে ছেড়ে আসা কোনো কোচ এসে না পৌঁছানোয় সকাল থেকে গাড়ি ছাড়া সম্ভব হয়নি।’
টিআর ট্রাভেলসের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘টিআর পরিবহনের শতাধিক গাড়ি যানজটে আটকা পড়েছে। আধা ঘণ্টা পরপর ঢাকার উদ্দেশে গাড়ি ছাড়ার কথা থাকলেও রাতে ছেড়ে আসা কোনো বাস না পৌঁছানোয় সকাল থেকে গাড়ি ছাড়া বন্ধ আছে। শত শত যাত্রী কাউন্টারের সামনে বসে আছে।’

সিরাজগঞ্জেও বাসের অপেক্ষায় যাত্রীরা
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরের বাসস্ট্যান্ডে ঢাকাগামী হাজার হাজার যাত্রী গাড়ির জন্য দাঁড়িয়ে আছে।
আঞ্জুমান আরা, শেফালী খাতুন, আনোয়ার হোসেন নামের কয়েকজন যাত্রী বলেন, তাঁরা উল্লাপাড়া থেকে ঢাকা যাবেন। সকাল আটটা থেকে তাঁরা বাসস্ট্যান্ডে বসে আছেন। কিন্তু বিকেল পর্যন্ত কোনো গাড়ি পাননি।
হাইওয়ে সার্জেন্ট ইকবাল হোসেন বলেন, গতকাল রাত থেকে যেসব গাড়ি ঢাকায় গেছে সেগুলো ফিরতে পারেনি। এ কারণে যাত্রীরা ঢাকায় যাওয়ার গাড়ি পাচ্ছে না। যাত্রীদের দুর্ভোগ চরমে উঠছে।
কাওড়াকান্দি ফেরিঘাটে তীব্র যানজট
মাওয়া-কাওড়াকান্দি নৌপথের মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে আজ শুক্রবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরপর দুদিনের হরতাল, ঈদ শেষে রাজধানীমুখী মানুষের চাপ বেড়ে যাওয়া ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিআইপি যাত্রীদের পারাপার বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সকালে সরেজমিনে দেখা যায়, কাওড়াকান্দি ফেরিঘাটে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তিন-চার দিন ধরে পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় কাওড়াকান্দি ঘাটে আটকা পড়েছে। ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার আগে যাত্রীরা নেমে হেঁটে ঘাট এলাকায় যাচ্ছেন। গরমে দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী বাসের যাত্রীরা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। অনেক বৃদ্ধ ও শিশু অসুস্থ হয়ে পড়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে আছে।
কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, ঈদের সময় সব ধরনের ট্রাক পারাপার বন্ধ ছিল। এ জন্য ঘাটে ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। ঘাটে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। দেখা দিয়েছে যানজট। ১৫ আগস্ট উপলক্ষে ভিআইপি যাত্রী বেশি পারাপার হয়েছেন। ফেরিগুলো বেশির ভাগ সময় তাঁদের পারাপারে ব্যস্ত ছিল। এ ছাড়া পরিবহন ও যাত্রীর তুলনায় ফেরির সংখ্যা কম।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট কর্মকর্তারা জানান, মাওয়া থেকে কাওড়াকান্দি ঘাটের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার সময় ফেরিগুলোকে তীব্র স্রোতের প্রতিকূলে যেতে হয়। সব মিলিয়ে যানজট তীব্র হয়েছে বলে তাঁরা জানান।
পিরোজপুর থেকে আসা ফাল্গুনী পরিবহনের যাত্রী সজীব, সোনিয়া, নিপাসহ বেশ কয়েকজন জানালেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁরা ঘাটে যান। আজ বেলা ১১টা পর্যন্ত তাঁরা ফেরির সিরিয়াল পাননি। তাঁরা রাতভর নিরাপত্তাহীনতায় ভুগেছেন বলে জানালেন। বাড়তি টাকা না থাকায় অনেকেই খাবারের সমস্যায় ভুগছেন। প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে তাঁরা অভিযোগ করেন।
পটুয়াখালী থেকে আসা অ্যাম্বুলেন্সের চালক সুজন মিয়া বলেন, ‘ঘাটের সমস্যা এখন আমাদের জন্য মহা দুর্যোগে পরিণত হয়েছে। ঘাট এলাকার দুই কিলোমিটার পথ আসতেই এক ঘণ্টা লাগল। আমার গাড়ির রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এখনো ফেরিতে উঠতে পারিনি।’
ট্রাকচালক নূর মিয়া বলেন, ‘আজ ছয় দিন ধরে ঘাটে আসছি। এখনো ফেরির লাইন পাইনি। ঘাটে কিছু অসাধু লোক টাকা খেয়ে আগে সিরিয়াল দিয়ে দেয়।’
বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক এম এ বাতেন মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, পরপর দুদিনের হরতাল, ঈদ শেষে রাজধানীমুখী মানুষের অতিরিক্ত চাপ ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেতা-কর্মীদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাতায়াত—ইত্যাদি কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসক নূর-উর রহমান বলেন, ঘাটে গাড়ি ও যাত্রীর সংখ্যা এতই বেশি যে, প্রশাসনের নেওয়া ব্যবস্থা অপ্রতুল। তাই একটু সমস্যা হচ্ছে বলে তিনি স্বীকার করলেন। তবে আজকের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন, সোহেল মোহসীন শিপন, মির্জাপুর আনোয়ার পারভেজ, বগুড়া,এনামুল হক খোকন, সিরাজগঞ্জ, মাসুদ রানা, গাজীপুর ও আয়েশা সিদ্দিকা মুন্নী, শিবচর