মহাসড়কে ইজিবাইক ও অটোরিকশাস্ট্যান্ড, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর–সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জের চৌপথি বাসস্ট্যান্ডে সড়কের ওপর ইজিবাইক ও অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে মহাসড়কের প্রস্থ কমে গেছে। ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
রংপুর–সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জের চৌপথি বাসস্ট্যান্ডে সড়কের ওপর ইজিবাইক ও অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে মহাসড়কের প্রস্থ কমে গেছে। ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ও তারাগঞ্জ চৌপথি বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর ইজিবাইক, অটোরিকশা ও ভটভটি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো হয়। এ কারণে ওই দুই স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের চৌপথি বাসস্ট্যান্ড ও ইকরচালী বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে প্রতিদিন তিন শতাধিক ইজিবাইক, অটোরিকশা ও ভটভটি বিভিন্ন গন্তব্যে যায়। মহাসড়কটির ওই দুটি স্থান ইজিবাইক, অটোরিকশা, ভটভটিস্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। বেশির ভাগ জায়গা দখল করে সড়কের ওপর দাঁড়িয়ে এসব যানবাহনে যাত্রী ওঠানো-নামানো হয়। এ জন্য ওই স্থানে দিন দিন যানজট ও পথচারীদের জীবনের ঝুঁকি বাড়ছে।
অনন্তপুর গ্রামের সাইদুল হক বলেন, ‘সকাল থাকি রাইত পর্যন্ত ইকরচালী ও তারাগঞ্জ চৌপথি বাসস্ট্যান্ডে সড়কের ওপর ইজিবাইক, টেম্পো, অটোরিকশাগুলা দাঁড়ে থাকায় ওটে কোনা দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ওদি রংপুর যাওয়া-আইসা কইরার সময় ইগলা দাঁড়ে থাকা দেখে। ইগলা কথা পেপারোত ছাপা হইছে, তবু কোনো ব্যবস্থা নেওছে না।’
কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তুহিনুর রহমান অভিযোগ করে বলেন, উপজেলার মধ্যে ব্যস্ততম এলাকা হলো চৌপথি বাসস্ট্যান্ড। কিন্তু সেখানে মহাসড়কের দুই পাশে ইজিবাইক, অটোরিকশা, টেম্পো, ভটভটিসহ ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন দাঁড় করিয়ে রাখায় দ্রুতগতিতে মহাসড়ক দিয়ে অন্য যানবাহন যাতায়াত করতে পারে না। পথচারীরাসহ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে অনেকের প্রাণহানি ও অঙ্গহানির ঘটনা ঘটছে।
এ ব্যাপারে নৈশকোচের চালক রফিকুল ইসলাম বলেন, মহাসড়কের ওই দুই স্থানে ছোট যানবাহন দাঁড় করিয়ে রাখায় যানজটের জন্য গাড়ির গতি কমিয়ে সড়কের ওই অংশে ধীরে চলাচল করতে হয়। সব সময় দুর্ঘটনার ভয়ও থাকে।
মেনানগর গ্রামের ইজিবাইকচালক জরিবুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ, আইনকানুন বুঝি না। হামার অটো (ইজিবাইক) থুবার কোনো স্ট্যান্ড নাই। ওই জন্য সড়কের ওপর দাঁড়াই, অটোতে যাত্রী বোঝাই হইলে চলি যাই।’
এ ব্যাপারে জানতে চাইলে অটোরিকশাচালক সবুজ মিয়া বলেন, ‘সড়কের ওপর গাড়ি দাঁড়ে যাত্রী তোলতে হামাকও ভয় নাগে। কিন্তু কী করমো কন? পেটে খাইলে পিঠে সয়, তাই ঝুঁকি নিয়াই সড়কের ওপর দাঁড়ে যাত্রী ওঠানো-নামানো করি।’
এ ব্যাপারে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, সড়কের ওপর ইজিবাইক, অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানোর কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।