মহাসড়কে ইট-বালুর জোড়াতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। কোথাও কোথাও কার্পেটিং ফুলে উঠেছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর মহাসড়কে ইট-বালু ফেলে কোনোমতে জোড়াতালি দিয়ে খানাখন্দ ভরাটের চেষ্টা করছে। তবে এক দিনের মধ্যেই তা উঠে যাচ্ছে।

মহাসড়কে খানাখন্দ হওয়ায় সেসব স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। দ্রুত খানাখন্দ মেরামত করে যানজট নিরসনে উদ্যোগ না নিলে ঈদে ঘরমুখী লোকজনকে চরম দুর্ভোগে পড়তে হবে বলে এলাকাবাসী ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক: গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ভোগড়া, চান্দনা চৌরাস্তা, শালনা ও শ্রীপুরের মাওনা এলাকায় মহাসড়কে কার্পেটিং উঠে গেছে। কোথাও কার্পেটিং ফুলে গেছে। বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা। এসব কারণে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে না পারায় লেগে ছিল যানজট।

চান্দনা চৌরাস্তা এলাকায় কথা হয় কলেজশিক্ষক আনোয়ার পারভেজের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রায় সময় গাজীপুরে সড়ক পরিদর্শনে আসেন। মন্ত্রী আসার আগে দ্রুত রাস্তা ঠিক করতে দেখা যায়। এরপর তা আগের অবস্থায় রূপ নেয়। এখনই দ্রুত সড়ক মেরামত না করলে ঈদের আগে ঘরমুখী যাত্রী ও অতিরিক্ত যানবাহনের কারণে অবস্থা আরও খারাপ হতে পারে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ঢাকা-বাইপাস সড়কের ভোগড়া থেকে মীরের বাজার এলাকায় কার্পেটিং উঠে ফুলে গেছে। এসব এখনই মেরামত করা প্রয়োজন। নয়তো ঈদের আগমুহূর্তে তীব্র যানজট সৃষ্টি হয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়বে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিয়ে ২৫ জুলাই প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের সদর উপজেলার ভোগড়া, কড্ডা, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চন্দ্রা ত্রিমোড় ও কালিয়াকৈর এলাকার খানাখন্দগুলো মেরামত করছে সওজ।

চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের শিক্ষক শাহজাহান মিয়া বলেন, কালিয়াকৈর-নবীনগর সড়ক চার লেন করার কাজ শেষ পর্যায়ে। সেখানকার পুরোনো পরিত্যক্ত কার্পেটিংয়ের গুঁড়া এনে চন্দ্রার খানাখন্দ মেরামত করা হচ্ছে। এটা কেমন টেকসই হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। তাঁর কথার সত্যতা মেলে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে। যানবাহনের চাপে ওই কার্পেটিং কয়েক ঘণ্টার ব্যবধানে উঠে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার কোনাবাড়ী বাজার এলাকায় ৩০০-৪০০ ফুট এলাকাজুড়ে সড়কের দুই পাশে পানি। সেখানে অর্ধশতাধিক খানাখন্দ। কয়েকজন শ্রমিক ইট ও বালু ফেলে জোড়াতালি দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করছিলেন।

কোনাবাড়ী এলাকার বাসিন্দা রাজিব সরকার জানান, সড়কে জমে থাকা পানি না সরিয়ে পানির মধ্যেই ইট ও বালু ফেলে সড়ক মেরামত করা হচ্ছে। এই জোড়াতালি এক-দুই দিনেও টেকে না। আবার টানা বৃষ্টি হলে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে পড়বে।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক জানালেন, সড়কে পানি জমে থাকায় ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

সওজ ও পুলিশের বক্তব্য: গাজীপুর সওজের উপসহকারী প্রকৌশলী সুমন সিনহা বলেন, ‘বৃষ্টি হচ্ছে কার্পেটিংয়ের শত্রু। তাই বৃষ্টি হলে কার্পেটিং উঠবেই। সড়কে পানি জমে থাকায় এখন কার্পেটিং করে লাভ নেই। তাই ইট ও বালু ফেলে খানাখন্দগুলো মেরামত করা হচ্ছে।’

অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঈদে ঘরমুখী মানুষ যাতে যানজটে দুর্ভোগে না পড়ে, সে জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে সড়কের অবৈধ দখলদার উচ্ছেদ, শাখা সড়কগুলো রিকশামুক্ত রাখা ও শাখা সড়কগুলোতে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা।