নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান না পেয়ে আগের কমিটির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা সড়কে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেন। পরে পুলিশ লাঠিপেটা করলে কমপক্ষে ১০ জন আহত হন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন ও মুড়াপাড়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি উপজেলা কমিটি ভেঙে দিয়ে হাছিবুর রহমানকে সভাপতি ও হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। গতকাল সকালে এ খবর ছড়িয়ে পড়লে বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিলুপ্ত কমিটির সভাপতি মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল ও জয়দেবপুর-ভুলতা-মদনপুর সড়কের কাঞ্চন সেতু এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এ সময় শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী মুড়াপাড়া ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এ সময় নেতা-কর্মীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে অগ্নিসংযোগ করেন। সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিলুপ্ত কমিটির সভাপতি মাসুম চৌধুরী জানান, টাকার বিনিময়ে যেসব অগঠনতান্ত্রিক কর্মকাণ্ড হচ্ছে, তা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে। সাংসদ গোলাম দস্তগীর গাজী ও তাঁর লোকজনের নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি প্রভাব খাটিয়ে কমিটি বাতিল করেছেন। হাছিবুর রহমান ও হাফিজুর রহমান জানান, নানা অভিযোগের কারণে নতুন কমিটি গঠন করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, নেতা-কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।