মহাসড়কে কালভার্টের রেলিং ভাঙা, যানবাহন চলাচলে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-শেরপুর মহাসড়কের ধনকুন্ডি এলাকায় কালভার্টের রেলিং ভেঙে পড়ায় ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বগুড়া-শেরপুর মহাসড়কের ধনকুন্ডি এলাকায় কালভার্টের রেলিং ভেঙে পড়ায় ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় কালভার্টের রেলিং ভেঙে গেছে প্রায় সাত-আট মাস আগে। ঝুঁকির মধ্যে এ কালভার্টের ওপর দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, এক বছর আগে কালভার্টের রেলিংটি একবার ভেঙে যায়। ওই সময় বগুড়ার সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ সেটি সংস্কার করে। সাত-আট মাস আগে রেলিংটি একটি ট্রাকের ধাক্কায় আবারও ভেঙে পড়ে। এরপর সওজ বিভাগের লোকজন এসে ভেঙে পড়া রেলিংয়ের লোহার রডের সঙ্গে লাল কাপড় লাগিয়ে দিয়ে গেলেও আর কোনো সংস্কার করেনি।
গত শুক্রবার সরেজমিন দেখা গেছে, ওই কালভার্টের রেলিংয়ের ভাঙা অংশে সংশ্লিষ্ট বগুড়ার সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ সতর্কসংকেত হিসেবে লাল কাপড় টাঙিয়ে দিয়েছে। কাপড়টিও বিবর্ণ হয়ে গেছে।
বগুড়াগামী পণ্যবাহী ট্রাকচালক মোজাম্মেল হক বলেন, কালভার্টে লাগানো লাল কাপড় ঠিকমতো চোখেও পড়ে না। এ কারণে তাঁদের সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হয়।
এ ব্যাপারে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, গত পাঁচ মাসে এই কালভার্টের স্থানে কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে।
শেরপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, এই মহাসড়কের ওপর দিয়ে প্রতি ঘণ্টায় বিভিন্ন ধরনের কমপক্ষে ৬০০ যানবাহন চলাচল করে থাকে।
ঢাকা-বগুড়া মহাসড়কের ওই এলাকার দায়িত্বরত হাইওয়ে পুলিশের বগুড়ার কন্দার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, এই সমস্যাটি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে জানিয়েছেন।
সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন তালুকদার বলেন, মহাসড়কের প্রশস্ত অংশের চেয়ে ওই কালভার্টটি কম প্রশস্ত হওয়ায় এই স্থানে প্রায়ই যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। কালভার্টটির রেলিং ভেঙে পড়ায় যানবাহন চলাচলে দুর্ভোগও বেড়েছে। সমস্যাটি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তিনি ওই রেলিং ভেঙে পড়া কালভার্টটি দেখেছেন। ভেঙে পড়া অংশ সংস্কারের জন্য তিনি উদ্যোগ নেবেন।